পলাশীতে কাভার্ড ভ্যানের ধাক্কায় ফুড ডেলিভারি ম্যান নিহত
রাজধানীর পলাশী মোড়ের কাছে কাভার্ড ভ্যানের ধাক্কায় সাইকেল আরোহী যুবকের মৃত্যু হয়েছে। নিহত মো. ইয়াসিন (৩০) ফুড ডেলিভারির কাজ করতেন।
শাহবাগ থানার উপপরিদর্শক কাওসার আহমেদ ভূঁইয়া দুর্ঘটনার তথ্য নিশ্চিত করেছেন।
বেলা সোয়া ৩টার দিকে নীলক্ষেত এলাকা থেকে পলাশীর দিকে যাওয়ার সময় কাভার্ড ভ্যানটি পেছন থেকে ইয়াসিনকে ধাক্কা দিলে তিনি গুরুতর আহত হন বলে জানান এসআই।
পুলিশ জানায়, কাভার্ড ভ্যান চালক মানিকসহ কয়েকজন পথচারী আহতদের ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে বিকেল ৩টা ৪৫ মিনিটের দিকে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
কাওসার আহমেদ জানান, তারা কাভার্ড ভ্যানটি জব্দ ও চালককে আটক করেছেন।
নিহত ইয়াসিনের আত্মীয় মো. মুরাদ জানান, ইয়াসিন মোহাম্মদপুরে অবস্থিত আলহাজ্ব মকবুল হোসেন কলেজ থেকে অনার্স পাশ করে গতবছর ধানমন্ডির একটি কলেজে মাস্টার্সে ভর্তি হয়। করোনার কারণে কলেজ বন্ধ থাকায় লেখাপড়ার পাশাপাশি ফুড ডেলিভারির কাজ শুরু করে ইয়াসিন।
আটক কাভার্ড ভ্যান চালক মানিক বলেন, ওভারটেক করার সময় একটি রিকশা ইয়াসিনকে ধাক্কা দিলে রাস্তায় পড়ে যান এবং আহত হন।
পুলিশ এ ঘটনার তদন্ত করছে।
ময়নাতদন্তের জন্য মরদেহ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।