পাবনায় ট্রাক-লেগুনা সংঘর্ষে নিহত ২, আহত ১০

নিজস্ব সংবাদদাতা, পাবনা

পাবনা সদর উপজেলার মালিগাছায় ট্রাক ও লেগুনার মধ্যে সংঘর্ষে ১ শিশুসহ ২ জন নিহত হয়েছে। এ ঘটনায় আহত হয়েছে ১০ জন। আজ শনিবার দুপুরে পাবনা-রাজশাহী মহাসড়কের  মালিগাছা মণ্ডলের ঢাল এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলো-পাবনার চাটমোহর উপজেলার পাচুরিয়া গ্রামের নুসরাত মিথি (১৮) ও পাবনা সদর উপজেলার চর ঘোষপুর গ্রামের আব্দুর রহমান।

পাবনা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আমিনুল ইসলাম দ্য ডেইলি স্টারকে দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি বলেন, 'শনিবার দুপুর সাড়ে ১২টার দিকে পাবনাগামী যাত্রীবাহী একটি লেগুনা ঘটনাস্থলে পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে লেগুনাকে ধাক্কা দেয়।'

এতে লেগুনার ১২ জন যাত্রী আহত হয়। আহতদের উদ্ধার করে পাবনা জেনারেল হাসপাতালে নিয়ে গেলে, সেখানে ২ জনের মৃত্যু হয়।

দুর্ঘটনায় আহত বাকিরা হাসপাতালে চিকিৎসাধীন আছে বলে জানান ওসি।

তিনি জানান, পুলিশ ট্রাকটি আটক করলেও, চালক পালিয়ে যেতে সক্ষম হয়েছেন।