পাবনায় পৃথক দুর্ঘটনায় নিহত ৩, আহত ৫
পাবনায় পৃথক দুটি দুর্ঘটনায় ৩ জন নিহত এবং ৫ জন আহত হয়েছেন। নিহতদের মধ্যে সড়ক দুর্ঘটনায় ২ জন ও ট্রেনের ধাক্কায় ১ জনের মৃত্যু হয়েছে।
নিহতরা হলেন পাবনা সদর উপজেলার দাপুনিয়া ইউনিয়নের ইসলামগাতী গ্রামের জামাল সরকারের ছেলে ও পাবনা জজ কোর্টের আইনজীবী আসাদুজ্জামান ফিরোজ (৪৮), একই উপজেলার বয়রা কাশিনাথপুর এলাকার মোজাহার মোল্লা ওরফে মোজা (৫৭) এবং সিংগা পালপাড়া মহল্লার মেহেদী হাসান রনি (২০)।
পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, আজ শনিবার সকাল ৯টার দিকে পাবনা সদর উপজেলার মালিগাছা ইউনিয়নের বয়রা কাশিনাথপুর এলাকায় রাজশাহীগামী ট্রেন ঢালারচর এক্সপ্রেস এর ধাক্কায় মোজাহার মোল্লা ওরফে মোজা (৫৭) ঘটনাস্থলে নিহত হন।
এদিকে শনিবার বিকেল ৩টার দিকে পাবনা থেকে গ্রামের বাড়ি ইসলামগাতী যাওয়ার সময়ে টেবুনিয়া বাজারের অদূরে টেবুনিয়া কৃষি ফার্ম গেটে অটো সিএনজির সঙ্গে মুখোমুখি সংঘর্ষে আইনজীবী আসাদুজ্জামান ফিরোজ (৪৮) নিহত হয়েছেন। এ ঘটনায় গুরুতর আহত হয়েছেন আরও ৪ জন। আহতদের পাবনা জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।
এদিকে শুক্রবার রাত ৯টার দিকে পাবনা শহরের শালগাড়িয়া এলাকায় মোটরসাইকেলের নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে বৈদ্যুতিক খুঁটির সঙ্গে ধাক্কায় ঘটনাস্থলে মারা যান মেহেদী হাসান রনি (২০) নামের এক কলেজ শিক্ষার্থী।
এ ঘটনায় তার সঙ্গে মোটরসাইকেলে থাকা অপর এক শিক্ষার্থী আহত হয়েছেন।
পাবনা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আমিনুল ইসলাম দ্য ডেইলি স্টারকে বলেন, 'পৃথক দুর্ঘটনায় নিহতদের মরদেহ উদ্ধার করে পরিবারের কাছে বুঝিয়ে দেওয়া হয়েছে। আহতদের পাবনা জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।'
এছাড়া ট্রেনের ধাক্কায় নিহতের মরদেহ উদ্ধার করে পরবর্তী আইনি ব্যবস্থা নেওয়ার জন্য রেল পুলিশের কাছে দেওয়া হয়েছে বলে জানান তিনি।