পায়রা বিদ্যুৎকেন্দ্রে যাওয়ার পথে গাড়ি খাদে, বরগুনা পৌর মেয়র গুরুতর আহত
পটুয়াখালীর কলাপাড়ায় পায়রা তাপবিদ্যুৎ কেন্দ্রে প্রধানমন্ত্রীর উদ্বোধন অনুষ্ঠানে যাওয়ার পথে গাড়ি খাদে পড়ে গুরুতর আহত হয়েছেন বরগুনা পৌরসভার মেয়র অ্যাডভোকেট কামরুল আহসান মহারাজ। এসময় তার সঙ্গে থাকা আরও কয়েকজন আহত হন।
আজ সোমবার সকাল সাড়ে ৯টার দিকে বরগুনা-পুরাকাটা মহাসড়কের ইটবাড়িয়া এলাকায় এ দূর্ঘটনা ঘটে।
গুরুতর আহত মেয়র ও তার সফরসঙ্গীদের উদ্ধার করে স্থানীয়রা বরগুনা জেনারেল হাসপাতালে ভর্তি করেন। পরে কামরুল আহসান মহারাজকে উন্নত চিকিৎসার জন্য বরিশাল শের-ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠান কর্তব্যরত চিকিৎসক।
প্রত্যক্ষদর্শীরা জানান, পটুয়াখালী কলাপাড়া উপজেলার তাপবিদ্যুৎ কেন্দ্রে যাওয়ার উদ্দেশ্যে গাড়ি যোগে পৌর মেয়র কয়েকজন সফরসঙ্গীসহ বরগুনা থেকে রওনা হন। গাড়িটি ইটবাড়িয়া এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা দুজন আরোহীসহ একটি মোটরসাইকেলকে সাইড দিতে গিয়ে মেয়রকে বহনকারী গাড়িটি নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে পাশের একটি খাদে পড়ে যায়।
মেয়রের সফরসঙ্গী হাসানুর রহমান দ্য ডেইলি স্টারকে বলেন, 'আমরা প্রধানমন্ত্রীর প্রোগ্রামে অংশগ্রহণ করতে মেয়রের সঙ্গে কলাপাড়ায় যাচ্ছিলাম। আমাদের গাড়িবহর ইটবাড়িয়া এলাকায় আসলে মেয়রের গাড়িটি মোটরসাইকেলকে সাইড দিতে গিয়ে উল্টে খাদে পড়ে যায়।'
বরগুনা জেনারেল হাসপাতালের সহকারী সার্জন ডা. তারেক হাসান ডেইলি স্টারকে বলেন, 'বরগুনা পৌর মেয়র গুরুতর আহত হয়েছেন। তার শরীরের বিভিন্ন অংশে আঘাত লেগেছে। চোখেও আঘাতের চিহ্ন দেখা গেছে। শ্বাস নিতে সমস্যা হচ্ছে। তাই তাকে উন্নত চিকিৎসার জন্য তাৎক্ষণিক বরিশাল শের-ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। আহত অন্যরা বরগুনা জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন।'