পিটিআইয়ের সনদপত্র নিয়ে ফেরা হলো না প্রধান শিক্ষক ফাতেমার
নারায়ণগঞ্জের শীতলক্ষ্যায় গতকাল 'এম এল আফসার উদ্দিন' লঞ্চডুবির ঘটনায় প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক উম্মে খায়রুন ফাতেমার (৪২) মরদেহ উদ্ধার করা হয়েছে। এ নিয়ে মোট ৮ জনের মরদেহ উদ্ধার করা হয়েছে।
আজ সোমবার দুপুর সোয়া ১টার দিকে মরদেহটি উদ্ধার করা হয়।
ফায়ার সার্ভিসের ডিউটি অফিসার রোজিনা আক্তার এবং নারায়ণগঞ্জ নৌ পুলিশ সুপার মিনা মাহমুদা দ্য ডেইলি স্টারকে এ তথ্য নিশ্চিত করেছেন।
উম্মে খায়রুন ফাতেমা সোনারগাঁ হারিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক। তার স্বামী মোহাম্মদ আবু তাহের সরকার (৫৫) সোনারগাঁ মহিলা বিশ্ববিদ্যালয়ের সহকারী অধ্যাপক।
তারা স্বামী-স্ত্রী সোনারগাঁ থেকে মুন্সিগঞ্জ যাচ্ছিলেন পিটিআই সনদপত্র আনার জন্য। লঞ্চ ডুবে যাওয়ার সময় আবু তাহের সরকার বের হয়ে আসতে পারলেও নিখোঁজ থাকেন খায়রুন ফাতেমা।