নারায়ণগঞ্জ

পুকুরে ডুবে ২ শিশুর মৃত্যু

নিজস্ব সংবাদদাতা, নারায়ণগঞ্জ

নারায়ণগঞ্জের সদর উপজেলায় গোসল করতে নেমে পুকুরে ডুবে ২ শিশুর মৃত্যু হয়েছে।

মঙ্গলবার দুপুরে উপজেলার সুমিলপাড়া রেললাইন এলাকার একটি পুকুরে এ ঘটনা ঘটে।

নিহতরা হলো- বরিশালের চরফ্যাশন এলাকার জয়নাল মিয়ার মেয়ে ঝুমুর (৭) ও  বরগুনা আমতলী এলাকার রুবেল গাজীর ছেলে আব্দুল্লাহ (৮)। তারা পরিবারের সঙ্গে সুমিলপাড়া মঞ্জুর মিয়ার ভাড়া বাড়িতে বসবাস করত।

এলাকাবাসী জানান, দুপুরে পুকুরে গোসল করতে গিয়ে নিখোঁজ হয় ২ শিশু। তখনও পরিবারের কেউ কিছু জানত না। বিকেল ৩টার দিকে ২ শিশুকে পুকুরে ভাসতে দেখে স্থানীয়রা তাদের উদ্ধার করে শহরের ৩০০ শয্যা হাসপাতালে নিয়ে গেলে সেখানকার চিকিৎসক ২ জনকে মৃত ঘোষণা করেন।

ঝুমুরের বাবা জয়নাল বলেন, 'অন্য শিশুরা বলছে আব্দুল্লাহ প্রথমে পুকুরে পড়ে যায়। পরে আব্দুল্লাহকে তুলতে গিয়ে আমার মেয়েও পানিতে পড়ে যায়।'

সিদ্ধিরগঞ্জ থানার উপ-পরিদর্শক (এসআই) মো. রাজ্জাক দ্য ডেইলি স্টারকে বলেন, '২ শিশুর পানিতে ডুবে মৃত্যুর খবর পেয়েছি। ঘটনাস্থলে যাচ্ছি। বিস্তারিত পরে জানানো হবে।'