ফটিকছড়িতে চাঁদের গাড়ির ধাক্কায় ২ স্কুল শিক্ষার্থী নিহত

নিজস্ব সংবাদদাতা, চট্টগ্রাম

চট্টগ্রামের ফটিকছড়িতে ধানবাহী জিপ (চাঁদের) গাড়ির ধাক্কায় ২ স্কুল শিক্ষার্থী নিহত হয়েছেন।

আজ বুধবার দুপুর সাড়ে ১২টার দিকে চট্টগ্রাম-খাগড়াছড়ি মহাসড়কের ফটিকছড়ির হাইদচকিয়া এলাকায় এই দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন মিশু আকতার (১৬) ও নিশা মনি (১৮)। তারা ফটিকছড়ির পাইন্দং হাইদচকিয়া উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থী এবং পাইন্দং ইউনিয়নের বাসিন্দা।

ফটিকছড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রবিউল ইসলাম দ্য ডেইলি স্টারকে বলেন, 'ধান বহনকারী একটি চাঁদের গাড়িকে ধরার চেষ্টা করে ট্রাফিক পুলিশের সদস্যরা। তখন গাড়িটি পালানোর সময় দুই স্কুল ছাত্রীকে ধাক্কা দেয়। এতে দুই ছাত্রী ঘটনাস্থলেই মারা যান।'

ওসি বলেন, 'চাঁদের গাড়িটি স্থানীয়রা জব্দ করেছে। তবে সেটির চালক এবং সহকারী পালিয়ে গেছে।'

ঘটনার পর ক্ষুব্ধ এলাকাবাসী চট্টগ্রাম-খাগড়াছড়ি মহাসড়ক অবরোধ করে। পাশাপাশি দুটি মোটরসাইকেল পুড়িয়ে দেয়।

বিক্ষোভকারীদের সড়ক থেকে সরিয়ে দেওয়ার পর পরিস্থিতি স্বাভাবিক রয়েছে। এ ছাড়া ওই এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে, বলেও জানান ওসি।