সিরাজগঞ্জ

ফুলজোড় নদী থেকে আরও ১ শিক্ষার্থীর মরদেহ উদ্ধার

নিজস্ব সংবাদদাতা, পাবনা

সিরাজগঞ্জের রায়গঞ্জ উপজেলার চান্দাইকোনায় ফুলজোড় নদীতে থেকে আরও ১ স্কুল শিক্ষার্থীর মরদেহ উদ্ধার করা হয়েছে।

এ নিয়ে নিখোঁজ ৩ তিন শিক্ষার্থীর মধ্যে ২ জনের মরদেহ উদ্ধার করেছে ফায়ার সার্ভিসের ডুবুরিরা। এখনো নিখোঁজ আছে ১ শিক্ষার্থী। তবে, ইতোমধ্যে উদ্ধার অভিযান সমাপ্ত ঘোষণা করা হয়েছে।

এর আগে, গত শুক্রবার সিরাজগঞ্জে দোল উৎসবে নদীতে নেমে তিন স্কুল শিক্ষার্থী নিখোঁজ হয়। এরা হলেন- সিরাজগঞ্জ শহরের গোশালা মহল্লার উজ্জ্বল কর্মকারের ছেলে সঞ্জিত কর্মকার (১৫), কালু সূত্রধরের ছেলে সকাল সূত্রধর (১৬) এবং রায়গঞ্জ উপজেলার চান্দাইকোনা গ্রামের সুকুমার চন্দ্রের ছেলে শুভ চন্দ্র (১৫)।

ঘটনার পর গতকাল ফায়ার সার্ভিসের ডুবুরিরা নিখোঁজ সঞ্জিত কর্মকারের মরদেহ উদ্ধার করে।

সিরাজগঞ্জ ফায়ার সার্ভিসের উপসহকারী পরিচালক আলমগীর হোসেন দ্য ডেইলি স্টারকে বলেন, রোববার সকালে রায়গঞ্জ উপজেলার চান্দাইকোনায় ফুলজোড় নদীতে অভিযান চালিয়ে ঘটনাস্থল থেকে ৫০০ মিটার দূরে থেকে শুভ'র মরদেহ উদ্ধার করে ফায়ার সার্ভিসের কর্মীরা।

যমুনা নদীতে দুই দিন অভিযান চালিয়েও নিখোঁজ সকালের কোনো সন্ধান না পাওয়ায় উদ্ধার অভিযান সমাপ্ত ঘোষণা করা হয়েছে বলে জানান আলমগীর।