ফুলবাড়ীতে বাসচাপায় আওয়ামী লীগ নেতা নিহত

নিজস্ব সংবাদদাতা, দিনাজপুর

দিনাজপুরের ফুলবাড়ীতে বাসচাপায় ভবেশ চন্দ্র বর্মণ নামে স্থানীয় এক আওয়ামী লীগ নেতা নিহত হয়েছেন।

আজ শনিবার সকালে উপজেলার খয়েরবাড়ী ইউনিয়নের পূর্ব মহেশপুর ব্রহ্মচারী নামক স্থানের দিনাজপুর-ঘোড়াঘাট আঞ্চলিক মহাসড়কে এই দুর্ঘটনা ঘটে।

পূর্ব মহেশপুর ব্রহ্মচারী এলাকার বাসিন্দা ভবেশ চন্দ্র বর্মণ (৭২) খয়েরবাড়ী ইউনিয়ন আওয়ামী লীগের সহ-সভাপতি ছিলেন।

ইউপি চেয়ারম্যান ও ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মো. এনামুল হক জানান, সকাল সাড়ে ১০ টার দিকে লক্ষ্মীপুর বাজার থেকে বাড়িতে যাওয়ার পথে বিরামপুর থেকে ছেড়ে আসা দিনাজপুরগামী একটি বাস তাকে পেছন থেকে চাপা দেয়। এতে সেখানেই তার মৃত্যু হয়।

ফুলবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আশরাফুল ইসলাম, মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। আইনগত ব্যবস্থা নেওয়ার প্রস্তুতি চলছে। গাড়িটি তাৎক্ষণিকভাবে আটক করা সম্ভব হয়নি।