ফেনীতে সড়ক দুর্ঘটনায় সৌদি প্রবাসী নিহত

নিজস্ব সংবাদদাতা, ফেনী

ফেনীতে সড়ক দুর্ঘটনায় সৌদি প্রবাসী জয়নাল আবেদীন (৪৭) নিহত হয়েছেন।

নিহত জয়নাল আবেদীন সদর উপজেলার পাঁচগাছিয়া ইউনিয়নের ভগবানপুর গ্রামের বাসিন্দা।

পুলিশ জানায়, শুক্রবার রাত সাড়ে ৮টার দিকে পরিবারের জন্য ঈদের বাজার করতে বাড়ি থেকে মোটরসাইকেলে ফেনী শহরের দিকে যাচ্ছিলেন জয়নাল ও কাজী মাহবুব হাসান। পথে ফতেহপুর রেলওয়ে ওভারপাসের ওপর ওঠার পর চালক নিয়ন্ত্রণ হারিয়ে ওভারপাসের আইলেনের সঙ্গে ধাক্কা খেয়ে সড়কের ওপর ছিটকে পড়ে। এরপর মহিপাল হাইওয়ে পুলিশ ও স্থানীয়রা তাদের উদ্ধার করে ফেনী জেনারেল হাসপাতালে নিয়ে যান। হাসপাতালের জরুরি বিভাগে নেওয়ার পর চিকিৎসক জয়নাল আবেদীনকে মৃত ঘোষণা করেন।

নিহতের মরদেহ ময়নাতদন্তের জন্য ফেনী জেনারেল হাসপাতালের মর্গে রাখা হয়েছে।

ফেনী ২৫০ শয্যার জেনারেল হাসপাতালের আবাসিক চিকিৎসা কর্মকর্তা (আরএমও) মো. ইকবাল হোসেন ভূঁঞা জানান, ওই ব্যক্তিকে হাসপাতালে নেওয়ার আগে পথে মৃত্যু হয়েছে। মরদেহ মর্গে রাখা হয়েছে।

ফেনীর মহিপাল হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুস সামাদ জানান, নিহতের মরদেহ ময়নাতদন্তের জন্য ফেনী জেনারেল হাসপাতালের মর্গে রাখা আছেন। মোটরসাইকেলটি উদ্ধার করে থানা হেফাজতে রাখা হয়েছে।