বগুড়ায় ৩ পৃথক সড়ক দুর্ঘটনায় নিহত ৭

নিজস্ব সংবাদদাতা, বগুড়া

বগুড়ার শেরপুর উপজেলায় বগুড়া-রংপুর মহাসড়কে সড়ক দুর্ঘটনায় ঘটনাস্থলেই ৫ জন নিহত ও একজন আহত হয়েছেন।

আজ বুধবার বিকেল ৫টার দিকে উপজেলার মির্জাপুর এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

শেরপুর ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স স্টেশনের ওয়্যারহাউস ইনস্পেক্টর নাদির হোসেন দ্য ডেইলি স্টারকে এ তথ্য নিশ্চিত করেছেন।

নাদির হোসেন বলেন, 'নিহতরা একটি সিএনজিচালিত অটোরিকশায় ছিলেন। অটোরিকশার চালকও ঘটনাস্থলে নিহত হন। নিহত ৫ জনের মধ্যে একজন নারীও আছেন।'

তবে নিহতদের পরিচয় এখনও শনাক্ত করা সম্ভব হয়নি বলে জানান তিনি।

শেরপুর পুলিশ ক্যাম্পের পরিদর্শক এ কে এম বানিউল আনাম জানান, ঢাকা থেকে বগুড়াগামী হানিফ পরিবহন এবং একটি সিএনজিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে এ দুর্ঘটনা ঘটে।

দুর্ঘটনার পর বাসের চালক ও সহকারী পালিয়ে গেছে বলে জানান তিনি।

এ দিকে বগুড়ার কাহালু উপজেলায় বেলঘরিয়া রেলগেটে ট্রেনের ধাক্কায় একজন মোটর সাইকেলআরোহী নিহত হয়েছেন। বুধবার দুপুর ১২টার দিকে আন্তঃনগর এক্সপ্রেস দোলনচাঁপার ধাক্কায় ওই মোটরসাইকেল আরোহী নিহত হন।

কাহালু থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আম্বর হোসেন দ্য ডেইলি স্টারকে এ তথ্য নিশ্চিত করেছেন।

এছাড়া, বগুড়ার গাবতলী উপজেলায় একটি মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে সুখানপুকুর ইউনিয়ন পরিষদ নির্বাচনের স্বতন্ত্র চেয়ারম্যান প্রার্থী আশরাফুল হক গোল্লা (৫৫) নিহত হয়েছেন।

সিলিমপুর মেডিকেল ফাঁড়ির সহকারী উপপরিদর্শক রকিবুল হাসান দ্য ডেইলি স্টারকে জানান, সুখানপুকুর এলাকায় আজ বিকেল ৪টার দিকে এ দুর্ঘটনা ঘটে।