বগুড়ায় প্লাস্টিক কারখানায় আগুন, নিহত ৫

স্টার অনলাইন রিপোর্ট

বগুড়ার আদমদীঘি উপজেলায় একটি প্লাস্টিক কারখানায় আগুন লেগে অন্তত ৫ জন নিহত হয়েছেন। আজ মঙ্গলবার দুপুরে ফায়ার সার্ভিস সদর দপ্তরের নিয়ন্ত্রণ কক্ষের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা রাফি আল ফারুক দ্য ডেইলি স্টারকে এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি বলেন, আজ দুপুর আনুমানিক পৌনে ১২টার দিকে আগুনের সূত্রপাত হয়। ফায়ার সার্ভিসের ১০টি ইউনিট আনুমানিক দুপুর ২টার দিকে আগুন নিভিয়ে ফেলে। দুর্ঘটনাস্থল থেকে ৫ জনের মরদেহ উদ্ধার করা হয়েছে।

কীভাবে আগুনের সূত্রপাত তা জানা যায়নি, বলেন রাফি আল ফারুক।

আদমদীঘি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জালাল উদ্দিন ডেইলি স্টারকে বলেন, ওই কারখানায় প্লাস্টিকের ওয়ান টাইম প্লেট, গ্লাস তৈরি করা হতো। ৫ জনেরই আগুনে পুড়ে মৃত্যু হয়েছে। তাদের চেনা যাচ্ছে না।