বনশ্রীতে বাসের সঙ্গে সংঘর্ষে অটোরিকশার চালকসহ নারী যাত্রী নিহত
রাজধানীর বনশ্রীতে বাসের সঙ্গে সিএনজিচালিত অটোরিকশার সংঘর্ষে অটোরিকশার চালকসহ এক নারী যাত্রী নিহত হয়েছেন।
প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে খিলগাঁও থানার উপপরিদর্শক আব্দুর রহমান বলেন, ডেমরার দিকে যাওয়া ওয়াসিম পরিবহনের একটি বাসের সঙ্গে বিপরীত দিক থেকে আসা সিএনজিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষ হয়। আজ রোববার সকাল সাড়ে ১১টায় এই দুর্ঘটনায় ঘটে।
গুরুতর আহত অবস্থায় পথচারীরা তাদেরকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক অটোরিকশা চালক স্বপনকে (৩০) সাড়ে ১২টার দিকে মৃত ঘোষণা করেন। চিকিৎসাধীন অবস্থায় অটোরিকশার যাত্রী ফাতেমা (৪০) সোয়া ১টার দিকে মারা যান। ফাতেমার দুই ছেলে শাকিবুল আলম রাব্বি (১৫) ও রাইসুল আলম শাকির (১২) ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি আছে।
খিলগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফারুকুল আলম দ্য ডেইলি স্টারকে জানান, আহত দুই ভাইয়ের অবস্থা গুরুতর। বাসটি জব্দ করা হয়েছে।
ফাতেমার বোন আমেনা বেগম জানান, ফাতেমা দুই ছেলেকে নিয়ে কুমিল্লার বরুড়া উপজেলার আড্ডা গ্রামে থাকত। তার স্বামী শাহ আলম দুবাই প্রবাসী। ছেলেদের নিয়ে সে দুই-তিন দিন আগে ঢাকায় খালার বাসায় বেড়াতে এসেছিলেন। আজ সকালে দুই ছেলেকে নিয়ে দক্ষিণখানে এক আত্মীয়ের বাসায় যাওয়ার পথে দুর্ঘটনা ঘটে।