বাগেরহাটে অ্যাম্বুলেন্সে অক্সিজেন সিলিন্ডার বিস্ফোরণ, দগ্ধ ৩

নিজস্ব সংবাদদাতা, বাগেরহাট

বাগেরহাটের শরণখোলা উপজেলায় অ্যাম্বুলেন্সে অক্সিজেন সিলিন্ডার বিস্ফোরণে চালকসহ ৩ জন দগ্ধ হয়েছেন।

গতকাল শুক্রবার রাতে উপজেলার রায়েন্দা বাজার ফেরিঘাট এলাকায় এই ঘটনা ঘটে।

দগ্ধ ব্যক্তিরা হলেন- অ্যাম্বুলেন্সের চালক মামুন ও তার সহকারী মিলন এবং শিমুল। বিস্ফোরণে তাদের ৩ জনেরই ২ হাতসহ শরীরের বিভিন্ন জায়গা পুড়ে গেছে।

দুর্ঘটনার পর দগ্ধদের উদ্ধার করে শরণখোলা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। পরে অবস্থার অবনতি হলে তাদের খুলনা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে পাঠানো হয়।

01_2_1.jpg
বিস্ফোরণে ক্ষতিগ্রস্ত অ্যাম্বুলেন্স। ছবি: সংগৃহীত

অ্যাম্বুলেন্সের চালক মামুন জানান, নুরুল ইসলাম মীর নামের এক শ্বাসকষ্টের রোগীর জন্য তিনি অ্যাম্বুলেন্সে করে রায়েন্দা বাজার ফেরিঘাট এলাকায় অক্সিজেন সিলিন্ডার নিয়ে যান। রোগীর বাড়ির সামনে পৌঁছে অ্যাম্বুলেন্স থেকে সিলিন্ডারটি নামানোর সময় সেটি বিস্ফোরিত হয়।

শরণখোলা উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ফরিদা ইয়াসমিন জানান, দগ্ধ ৩ জনকে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে। ৩ জনেরই হাত পুড়ে গেছে। ১ জনের মাথায় গুরুতর আঘাত আছে।

শরণখোলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইদুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।