বাগেরহাটে বাস-ট্রাক সংঘর্ষে নিহত ৩
বাগেরহাটের ফকিরহাট উপজেলায় বাস-ট্রাক সংঘর্ষে ২ চালকসহ ৩ জন নিহত হয়েছেন। দুর্ঘটনায় আহত হয়েছেন অন্তত ১৫ জন।
আজ রোববার সকাল ৮টার দিকে উপজেলার পালেরহাট এলাকায় খুলনা-মাওয়া মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।
মোল্লাহাট হাইওয়ে থানার ইনচার্জ শেখ আবুল হাসান দ্য ডেইলি স্টারকে তথ্যের সত্যতা নিশ্চিত করেছেন। তিনি বলেন, নিহতদের মধ্যে বাস ও ট্রাকের চালক রয়েছেন। তবে তাদের পরিচয় এখনো জানা যায়নি। এছাড়া টাঙ্গাইলের মাসুদ শেখের ১০ মাস বয়সী ছেলে আয়ান শেখ নিহত হয়েছেন।
স্থানীয় বাসিন্দারা জানান, বাসটি ঢাকার উদ্দেশে যাচ্ছিল। পালেরহাট এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে ট্রাকের সঙ্গে সংঘর্ষ হয়।
ফকিরহাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের চিকিৎসক সবুজ শেখ ডেইলি স্টারকে বলেন, দুর্ঘটনায় আহতদের মধ্যে দুজনের শারীরিক অবস্থা আশঙ্কাজনক। তাদের খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। কয়েকজন ভর্তি নেওয়া হয়েছে।
আবুল হাসান আরও বলেন, নিহতদের পরিচয় জানার চেষ্টা চলছে। বর্তমানে যান চলাচল স্বাভাবিক আছে।