বাড্ডায় সিলিন্ডার বিস্ফোরণে নিহত ১, হাসপাতালে পরিবারের আরও ৩

স্টার অনলাইন ডেস্ক

রাজধানীর বাড্ডা বেড়াইদে একটি বাসায় গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে দগ্ধের ঘটনায় আবু সাইদ হাসান (৩৭) নামের এক জন মারা গেছেন।

আজ বুধবার সন্ধ্যা সাড়ে ৬টার দিকে বার্ন ইনস্টিটিউটের আইসিইউতে মারা যান তিনি। ইনস্টিটিউটের আবাসিক চিকিৎসক ডা. এসএম আইউব হোসেন দ্য ডেইলি স্টারকে এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি জানান, বাড্ডায় বাসায় আগুনে দগ্ধের ঘটনায় আবু সাইদ হাসান নামে একজন মারা গেছেন। তার শরীরের ৯৮ শতাংশ দগ্ধ হয়েছিল।

আজ বুধবার ভোররাত রাত পৌনে ৪টার দিকে বেরাইদ পূর্বপাড়ায় একটি বাড়ির তৃতীয় তলায় এ ঘটনা ঘটে। আগুনে ২ শিশুসহ একই পরিবারের ৪ জন দগ্ধ হয়েছেন।

নিহত আবু সাইদ হাসানের স্ত্রী রেখা আক্তার (৩৫), মেয়ে সাফা (১০) ও ছেলে সাফিয়ান (৯) শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউট ভর্তি হয়েছেন।

দমকল বাহিনীর সদরদপ্তরের ডিউটি অফিসার লিমা খানম দ্য ডেইলি স্টারকে বলেন, 'আগুন নির্বাপক দলের ২টি ইউনিট ভোর সোয়া ৪টার দিকে আগুন নিভিয়ে ফেলে।'

'ধারণা করা হচ্ছে, রান্নার কাজে ব্যবহৃত গ্যাাসের সিলিন্ডার বিস্ফোরণে আগুন ধরেছে' উল্লেখ করে তিনি আরও বলেন, 'ঘটনায় বাড়ির দেয়ালের একটি অংশ ভেঙে গেছে।'

হাসপাতাল সূত্র ডেইলি স্টারকে জানিয়েছে, সাইদ হাসানের শরীরের ৯৮ শতাংশ এবং তার স্ত্রীর ৩০ শতাংশ, ছেলে সাফিয়ানের ২৫ শতাংশ ও মেয়ে সাফার ১১ শতাংশ পুড়ে গেছে।