বান্দরবানে ঘরে আগুন লেগে দুই ম্রো যুবকের মৃত্যু
বান্দরবানের আলীকদম উপজেলার প্রত্যন্ত লাংড়ি ম্রো পাড়ায় বাড়িতে আগুন লেগে ম্রো সম্প্রদায়ের দুই জন নিহত হয়েছেন। গুরুতর দগ্ধ হয়েছেন আরও একজন।
আজ বুধবার ভোররাতে এই দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন লাংড়ি ম্রো পাড়ার কারবারি ধনরই ম্রোর ছেলে রেং নং ম্রো (৩৬), তার ভাতিজা রিং রাও ম্রো (৩২)। আগুনে গুরুতর দগ্ধ হয়েছেন তাদের প্রতিবেশী মেন রাই ম্রো (৪৫)।
রেং নং এর চাচাতো ভাই রাজীব ম্রো জানান, রাত ২টার দিকে আমরা মেন রাইয়ের ঘরে আগুন জ্বলতে দেখি।
'পরে আমরা মেন রাইয়ের বাড়িতে রেং এবং রিংয়ের মরদেহ দেখতে পাই যাদের শরীর প্রায় পুড়ে ছাই হয়ে গেছে,' তিনি বলেন।
আলীকদম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা নাসির উদ্দিন সরকার বলেন, গ্রামবাসীরা প্রথমে মেন রাইকে আলীকদম স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। তার অবস্থা আশঙ্কাজনক হওয়ায় পরবর্তীতে তাকে দ্রুত চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয়।
ওসি বলেন, আমরা সন্দেহ করছি বাড়ির কুপি বাতি থেকে আগুনের সূত্রপাত হয়ে থাকতে পারে। তবে তদন্ত শেষে বিস্তারিত জানা যাবে।