বান্দরবানে বেইলি ব্রিজ ধসে ট্রাকচালক নিহত, যান চলাচল বন্ধ
বান্দরবানের রোয়াংছড়ি উপজেলায় একটি বেইলি ব্রিজ ধসে চালবোঝাই একটি ট্রাক ঝিরিতে পড়ে ট্রাকচালক নিহত হয়েছেন।
আজ বুধবার দুপুরে এ দুর্ঘটনা ঘটে।
রোয়াংছড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল মান্নান জানান, নিহত ট্রাকচালকের নাম আব্দুল গফুর (৫৫)। তিনি চট্টগ্রামের সাতকানিয়ার পুরানঘর এলাকার বাসিন্দা।
ওসি বলেন, 'দুপুর ২টার দিকে ব্রিজ ভেঙে ট্রাকটি পাইক্ষং ঝিরিতে পড়ে গেলে ঘটনাস্থলেই গফুরের মৃত্যু হয়।'
চাল বোঝাই ট্রাকটি নিয়ে গফুর বান্দরবান সদর থেকে রুমা উপজেলায় যাচ্ছিলেন বলে জানান তিনি।
ওসি আরও জানান, সেতুটি ভেঙে পড়ায় বান্দরবান ও রুমা উপজেলার মধ্যে সড়ক যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়ে।