বাবা-মার পর চলে গেল দেড় বছরের ফাতেমাও
রাজধানীর যাত্রাবাড়ী কোনাপাড়ায় ফ্রিজের কম্প্রেসার মেশিন বিস্ফোরণে দগ্ধের ঘটনায় বাবা মার মৃত্যুর পর চিকিৎসাধীন অবস্থায় মারা গেছে দেড় বছরের মেয়ে ফাতেমা আক্তার।
আজ মঙ্গলবার শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের নিবির পরিচর্যা কেন্দ্রে মারা যায় ফাতেমা।
ইনস্টিটিউটের আবাসিক সার্জন ডা. এসএম আইউব হোসেন ফাতেমার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে দ্য ডেইলি স্টারকে জানান, শিশু ফাতেমার শরীরের ৩৫ শতাংশ দগ্ধ ছিল। আজ সকালে সে মারা গেছে।
গতকাল সোমবার ভোরে ৫৪ শতাংশ দগ্ধ নিয়ে বাবা আব্দুল করিম ও ৯৫ শতাংশ দগ্ধ নিয়ে মা খাদিজা আক্তার মারা যান।
এর আগে গত বুধবার ২০ এপ্রিল দিবাগত রাত সাড়ে ৩টার দিকে যাত্রাবাড়ী কোনাপাড়া আড়াবাড়ি বটতলার আব্দুল কালামের ৪ তলা বাড়ির নিচ তলাতে এই বিস্ফোরণের ঘটনা ঘটে।
দগ্ধদেরকে হাসপাতালে নিয়ে যাওয়া বাড়ির তৃতীয় তলার ভাড়াটিয়া মোহাম্মদ হাসান জানান, রাতে খাদিজা সেহরি রান্না করতে উঠেছিলেন। এরপর চুলা জ্বালাতে গেলে বিকট শব্দে বিস্ফারণ হয়। এতে বাসার ভিতরে থাকা তিনজন দগ্ধ হয়। বিস্ফোরণের শব্দ শুনে দৌঁড়ে বাসায় গিয়ে প্রতিবেশীরা দেখেন জিনিসপত্রে আগুন জ্বলছে। এসময় ওই তিন জন উদ্ধার করে দ্রুত হাসপাতালে নিয়ে যাওয়া হয়। প্রতিবেশীরাই আগুন নিভিয়ে ফেলেন।
মোহাম্মদ হাসান আরও জানান, বাসায় গিয়ে ফ্রিজের নিচের অংশ ক্ষতবিক্ষত অবস্থা দেখতে পেয়েছেন। তাদের ধারণা ফ্রিজের কম্প্রেসার মেশিন বিস্ফোরণে এই ঘটনা ঘটেছে।
স্বজনরা জানান, তাদের বাড়ি পাবনা সুজানগর উপজেলার বনাখোলা গ্রামে। আব্দুল করিম, স্ত্রী খাদিজা ও মেয়ে ফাতেমাকে নিয়ে বটতলার ওই বাড়িতে ভাড়া থাকতেন। কোনাপাড়ায় করিমের একটি মুদি দোকান আছে।