বাল্কহেডের ধাক্কা: ভেঙেছে শেখ জামাল সেতুর ৮টি সুরক্ষা দেয়াল

নিজস্ব সংবাদদাতা, পটুয়াখালী

পটুয়াখালী-কুয়াকাটা মহাসড়কের শেখ জামাল সেতুতে বাল্কহেডের ধাক্কায় ২টি গার্ডারের ৮টি সুরক্ষা দেয়াল ভেঙে গেছে। এতে প্রায় ৮৮ লাখ টাকার ক্ষতি হয়েছে বলে ধারণা করছেন সড়ক ও জনপথ বিভাগের প্রকৌশলীরা।

২ দিন ধরে সেতুর ক্ষতিগ্রস্ত অংশ পরিদর্শন করে পটুয়াখালী সড়ক ও জনপথ বিভাগের উপবিভাগীয় প্রকৌশলী মাহমুদুর রহমান জানান, ৮টি সুরক্ষা দেয়ালের মধ্যে ৬টি পুরোপুরি ভেঙে গেছে। বাকি ২টি হেলে পড়েছে। প্রতিটি সুরক্ষা দেয়াল নির্মাণে প্রায় ১১ লাখ টাকা করে খরচ হয়। সেই হিসাবে প্রায় ৮৮ লাখ টাকার ক্ষতি হয়েছে। তবে এটি আনুষ্ঠানিক কোনো হিসাব নয়।

বৃহস্পতিবার সকালে কলাপাড়া-কুয়াকাটা মহাসড়কের সোনাতলা নদীর ওপর নির্মিত শেখ জামাল সেতুর গার্ডারে বালুবাহী একটি বাল্কহেডের ধাক্কা লাগে। সাড়ে ৩২ হাজার ঘনফুট বালু নিয়ে বাল্কহেডটি কুয়াকাটার খাজুরা থেকে পায়রা বন্দরের দিকে যাচ্ছিল।

এই ঘটনার পরই কোস্টগার্ড বাল্কহেডের ৪ কর্মচারীকে আটক করে। পরে তাদের ছেড়ে দেওয়া হলেও বাল্কহেডটি জব্দ করা হয়।

দুর্ঘটনার পর সড়ক ও জনপথ বিভাগের উপবিভাগীয় প্রকৌশলী মাহমুদুর রহমান ও উপসহকারী প্রকৌশলী রাজীব অধিকারী শেখ জামাল সেতুর ক্ষতিগ্রস্ত অংশ পরিদর্শন করেন।

প্রকৌশলী মাহমুদুর রহমান বলেন, '২দিন ধরে পরিদর্শনের পর সার্বিক পরিস্থিতি জানিয়ে ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে চিঠি দেওয়া হয়েছে। হয়তো দ্রুত তদন্ত দল গঠন করে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হবে। তবে সেতুর ওপর দিয়ে যান চলাচলে কোনো সমস্যা হবে না।'

মহিপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা খন্দকার মো. আবুল খায়ের জানান, এ ঘটনায় একটি সাধারণ ডায়রি (জিডি) করা হয়েছে আদালতের অনুমতির পরিপ্রেক্ষিতে তদন্ত শেষে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

সাড়ে ৪৩ কোটি টাকা ব্যয়ে নির্মিত ৪৮২ দশমিক ৩৭ মিটার দীর্ঘ ও ১০ দশমিক ২৫ মিটার প্রস্থের এ সেতুটি ২০১৬ সালের ২৫ ফেব্রুয়ারি উদ্বোধন হয়।