বাসের ধাক্কায় পোশাক শ্রমিক আহত, গাজীপুরে মহাসড়ক অবরোধ
গাজীপুরের বোর্ড বাজার এলাকায় মহাসড়ক পার হওয়ার সময় বাসের ধাক্কায় পোশাক শ্রমিক আহতের ঘটনায় ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ করেছেন শ্রমিকরা।
মঙ্গলবার দুপুরে ২টার দিকে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে কলম্বিয়া কারখানার সামনে এ ঘটনা ঘটে।
আহত মনির হোসেন আলিফ ক্যাজুয়াল লিমিটেডের ইলেকট্রিশিয়ান পদে কর্মরত।
বাসন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মালেক খসরু দ্য ডেইলি স্টারকে এসব তথ্য নিশ্চিত করেছেন।
তিনি জানান, কলম্বিয়া কারখানার সামনে মহাসড়ক পার হওয়ার সময় মনির হোসেন আলিফ বাস চাপায় গুরুতর আহত হন। স্থানীয়রা তাকে উদ্ধার করে গাজীপুর শহীদ তাজউদ্দিন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠায়।
এ সময় বিক্ষুব্ধ শ্রমিকরা বাসটিতে আগুন ধরিয়ে দেয় এবং মহাসড়কের চলাচলকারী কয়েকটি বাস, ট্রাক ও প্রাইভেটকারে ভাঙচুর চালায়।
পরে পুলিশ ও শ্রমিক-মালিক পক্ষের প্রতিনিধিরা ওই স্থানে সড়ক বিভাজন তৈরির আশ্বাস দিলে বিকেল সাড়ে ৪টার দিকে শ্রমিকরা অবরোধ প্রত্যাহার করেন বলে জানান ওসি।