বিমানবন্দর এলাকায় ট্রেনে কাটা পড়ে যুবকের মৃত্যু

স্টার অনলাইন রিপোর্ট

রাজধানীর বিমানবন্দর রেলওয়ে স্টেশন এলাকায় ট্রেনে কাটা পড়ে আব্দুল্লাহ (২৫) নামে এক যুবকের মৃত্যু হয়েছে। আজ সোমবার সকাল পৌনে ১১টার দিকে এ ঘটনা ঘটে।

আহত অবস্থায় রেলওয়ে থানা পুলিশ উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক দুপুর পৌনে ১টার দিকে আব্দুল্লাহকে মৃত ঘোষণা করেন।

বিমানবন্দর স্টেশনে দায়িত্বরত পুলিশ সদস্য মমিনুল ইসলাম জানান, বিমানবন্দর রেলওয়ে স্টেশন এলাকায় রেললাইন পার হচ্ছিলেন ওই যুবক। সে সময় ঢাকা থেকে কিশোরগঞ্জের উদ্দেশে ছেড়ে আসা কিশোরগঞ্জ এক্সপ্রেস ট্রেনে কাটা পড়েন তিনি। ট্রেন থামিয়ে তাকে নিচ থেকে বের করে হাসপাতালে নেওয়া হয়।

মমিমুল আরও জানান, মৃত যুবকের মোবাইল ফোনে মাধ্যমে তার পরিচয় শনাক্ত করা হয়েছে।

আব্দুল্লাহর বাড়ি টাঙ্গাইলের কালিহাতী উপজেলার কস্তুরীপাড়া গ্রামে। তার বাবার নাম দানেছ আলী। ঢামেক হাসপাতালের নার্স রুমি আক্তার আব্দুল্লাহর পূর্ব পরিচিত। তিনি এ তথ্য জানিয়েছেন।

রুমি আক্তার আরও জানান, আব্দুল্লাহ ঢাকার একটি বেসরকারি হোমিওপ্যাথি কলেজে পড়তেন। আব্দুল্লাহর পরিবারের সদস্যরা জানিয়েছেন, আব্দুল্লাহ আজ টাঙ্গাইল থেকে ঢাকা আসছিলেন।

হাসপাতাল পুলিশ বক্সের ইনচার্জ (পরিদর্শক) মো. বাচ্চু মিয়া বলেন, ময়নাতদন্তের জন্য মরদেহ মর্গে রাখা হয়েছে।