বিমানবন্দর সড়কে ব্যক্তিগত গাড়িতে আগুন, ১ ঘণ্টা যান চলাচল বন্ধ

স্টার অনলাইন রিপোর্ট

ঢাকায় শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের সামনে সড়কে একটি ব্যক্তিগত গাড়িতে আগুন লাগায় ব্যস্ততম এই সড়কের এক পাশে প্রায় এক ঘণ্টা যান চলাচল বন্ধ ছিল। এতে ভোগান্তিতে পড়েন উত্তরা অভিমুখী যাত্রীরা।

পুলিশের ধারণা, গাড়ির ইঞ্জিন অতিরিক্ত গরম হয়ে আগুন লেগেছিল বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। এতে কেউ হতাহত হননি।

ফায়ার সার্ভিসের কুর্মিটোলা স্টেশনের সিনিয়র স্টেশন অফিসার শফিকুল ইসলাম দ্য ডেইলি স্টারকে বলেন, বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের কার্যালয়ের সামনে রাত সাড়ে ৮টায় গাড়িটিতে আগুন লাগে। ফায়ার সার্ভিসের দুটি ইউনিট গিয়ে আগুন নেভানোর আগেই গাড়িটি প্রায় সম্পূর্ণ পুড়ে যায়।

আগুন নেভানোর পর রাত সাড়ে ৯টার দিকে উত্তরা অভিমুখে যান চলাচল শুরু হয়। এর মধ্যেই মহাখালী পর্যন্ত যানজট তৈরি হয়।

বিমানবন্দর থানার পরিদর্শক (অপারেশন) শফিকুল ইসলাম বলেন, ধারণা করা হচ্ছে গাড়িটির ইঞ্জিন অতিরিক্ত গরম হয়ে আগুন লেগেছে। ঘটনার সময় গাড়ির মালিক ও তার দুই বন্ধু ছিলেন। তারা উত্তরায় তাদের বাসায় যাচ্ছিলেন।