ব্রাহ্মণবাড়িয়ায় ট্রাকচাপায় অটোরিকশার ৩ যাত্রী নিহত
ঢাকা-সিলেট মহাসড়কের ব্রাহ্মণবাড়িয়ার সরাইল উপজেলায় ট্রাকের চাপায় সিএনজিচালিত অটোরিকশার ৩ যাত্রী নিহত হয়েছে। দুর্ঘটনায় আরও ২ যাত্রী গুরুতর আহত হয়েছেন।
আজ শুক্রবার ভোর সাড়ে ৫টার দিকে সরাইল উপজেলার বৈশামুড়ায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত সিএনজি যাত্রীদের সবাই স্থানীয় এক ইটভাটার শ্রমিক বলে জানা গেছে।
তারা হলেন: সরাইল উপজেলার শাহবাজপুর গ্রামের জনু মিয়ার ছেলে জাহাঙ্গীর মিয়া (৩৫), শান্ত মিয়ার ছেলে মাহফুজ মিয়া (৩২) ও মৃত আক্কাস আলীর ছেলে আমজাদ (৩০)।
আহত ২ যাত্রীকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।
ব্রাহ্মণবাড়িয়ার খাঁটিহাতা হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শাহজালাল আলম এ তথ্য জানিয়েছেন।
হাইওয়ে থানার ওসি বলেন, 'ইটভাটার ৫ শ্রমিক সরাইল উপজেলার শাহবাজপুর বাসস্ট্যান্ড থেকে বিজয়নগর উপজেলার চান্দুরায় যেতে সিএনজিচালিত অটোরিকশায় উঠেন। পথে বৈশামুড়া এলাকায় বিপরীত দিক থেকে আসা ঢাকা অভিমুখী এক ট্রাক অটোরিকশাটিকে চাপা দিলে ঘটনাস্থলেই ৩ জন মারা যান। এতে অটোরিকশার আরও ২ যাত্রী আহত হন।'
'ঘন কুয়াশার কারণে এ দুর্ঘটনা ঘটে থাকতে পারে' বলে যোগ করেন তিনি।