ব্রাহ্মণবাড়িয়ায় ট্রাক্টরের ধাক্কায় ২ মোটরসাইকেল আরোহী নিহত

নিজস্ব সংবাদদাতা, ব্রাহ্মণবাড়িয়া

ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলায় ট্রাক্টরের ধাক্কায় মোটরসাইকেল আরোহী ২ যুবক নিহত এবং আরেকজন গুরুতর আহত হয়েছেন।  

শনিবার রাত ৮টার দিকে ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলার চিনাইর এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত নাজেল মাহমুদ খাঁ (২৪) ব্রাহ্মণবাড়িয়া শহরের কলেজপাড়া এলাকার ওমর আলীর ছেলে এবং নাজিম ভূঁইয়া (২৪) দাতিয়ারা এলাকার মামুন ভূইয়ার ছেলে। 

এ ছাড়া দুর্ঘটনায় আহত এনামুল হককে (২৬) মুমূর্ষু অবস্থায় ঢাকায় একটি হাসাপাতালে পাঠানো হয়েছে।  

ব্রাহ্মণবাড়িয়া সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ এমরানুল ইসলাম দ্য ডেইলি স্টারকে জানান, বিজয়নগর থেকে ব্রাহ্মণবাড়িয়া সদরের দিকে মোটরসাইকেলে করে ফিরছিল ৩ যুবক। চিনাইর এলাকার সুজাত আলী মাজারের সামনে বিপরীত দিক থেকে আসা একটি ট্রাক্টর মোটরসাইকেলটিকে চাপা দেয়। এতে ওই ৩ মোটরসাইকেল আরোহী গুরুতর আহত হন। 

পরে তাদের উদ্ধার করে ব্রাহ্মণবাড়িয়া জেনারেল হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক দুই জনকে মৃত ঘোষণা করেন। তবে দুর্ঘটনার পর ট্রাক্টরচালক পালিয়ে যাওয়ায় তাকে আটক করা সম্ভব হয়নি।