ভৈরব নদীতে কয়লা বোঝাই কার্গোর তলদেশে ফাটল, ডুবে যাওয়ার আশঙ্কা

নিজস্ব সংবাদদাতা, বেনাপোল

যশোরের অভয়নগর উপজেলার নওয়াপাড়ায় ভৈরব নদীতে ৯৩৫ মেট্রিক টন কয়লা বোঝাই 'এমভি প্রাইড অ্যান্ড খানজাহান আলী-২' কার্গো জাহাজের তলদেশ ফাটল দেখা দিয়েছে। এ অবস্থায় কার্গোটিতে পানি ঢুকে পড়ার আশঙ্কা তৈরি হয়েছে।

সোমবার সকালে শংকরপাশা আফিল ট্রেড ইন্টারন্যাশনালের ঘাটে এ ঘটনা ঘটে। এ প্রতিবেদন তৈরি পর্যন্ত সেখানে নদীপথে নৌযান চলাচল বন্ধ আছে।

নওয়াপাড়া নদীবন্দরের উপপরিচালক মাসুদ পারভেজ দ্য ডেইলি স্টারকে এ সব তথ্য নিশ্চিত করেছেন।

কার্গো জাহাজটির মাস্টার মইনুল হক দ্য ডেইলি স্টারকে জানান, গত ৩ জানুয়ারি মোংলা বন্দর থেকে ৯৩৫ মেট্রিক টন ইন্দোনেশিয়ান কয়লা নিয়ে তারা নওয়াপাড়া নৌ বন্দরের উদ্দেশে যাত্রা করেন। ৪ জানুয়ারি নওয়াপাড়া পৌঁছে তাল ঘাটে জাহাজটি নোঙর করা হয়।

রোববার নওয়াপাড়া ঘাটে কয়লা আনলোডের জন্য জাহাজটি রাখার পর, আজ সকালে জাহাজের তলদেশ ফেটে পানি ঢুকতে শুরু করে। কয়েক ঘণ্টার মধ্যে জাহাজটি ডুবে যাওয়ার উপক্রম হয়।

আফিল ট্রেড ইন্টারন্যাশনালের নওয়াপাড়া শাখার দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা মঞ্জুরুল ইসলাম ডেইলি স্টারকে বলেন, 'নদীর নাব্যতার কারণে জাহাজের সামনের হ্যাজে ফাটল ধরে। এতে জাহাজটি ডুবে যাওয়ার আশঙ্কা তৈরি হয়। তখনই আমরা জাহাজটিকে তীরে ভেড়াতে সক্ষম হই।'

কয়লাসহ জাহাজ ডুবে গেলে তাদের আনুমানিক ১ কোটি ৮৭ লাখ টাকা ক্ষতি হবে উল্লেখ তিনি জানান, এ ঘটনায় থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করা হয়েছে।

নদী দখল ও নাব্যতা হ্রাস পাওয়ায় এ দুর্ঘটনা ঘটেছে বলে দাবি করেন তিনি।

নদীবন্দরের উপপরিচালক মাসুদ পারভেজ জানান, এমভি প্রাইড অ্যান্ড খানজাহান আলী-২ কার্গো জাহাজটি উদ্ধারে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হচ্ছে।