ভৈরব নদে ১ হাজার ৩৫০ মেট্রিক টন কয়লা বোঝাই কার্গো জাহাজ ডুবি

নিজস্ব সংবাদদাতা, বেনাপোল

যশোরের অভয়নগর উপজেলায় ভৈরব নদে ১ হাজার ৩৫০ মেট্রিক টন কয়লা বোঝাই একটি কার্গো জাহাজ ডুবে গেছে।

আজ শনিবার সন্ধ্যায় নদের ভাটপাড়া এলাকার ইকোপার্কের সামনে এমভি সুরাইয়া নামের কার্গো জাহাজটি ডুবে যায়।

এ বিষয়ে জাহাজের মাস্টার সোহাগ হোসেন দ্য ডেইলি স্টারকে জানান, ইন্দোনেশিয়া থেকে আমদানি করা ১ হাজার ৩৫০ মেট্রিক টন কয়লাবোঝাই কার্গো জাহাজটি নওয়াপাড়া নৌ বন্দরে নোঙর করতে না পেরে ভাটপাড়া এলাকায় নোঙর করে। শনিবার সন্ধ্যার পর হঠাৎ করে জাহাজের তলদেশ ফেটে পানি ঢুকতে থাকে। মুহূর্তের মধ্যেই জাহাজটি ডুবে যায়।

কী কারণে জাহাজের তলদেশ ফেটে গেছে সে বিষয়ে কিছু জানাতে পারেননি জাহাজের মাস্টারা।

মেসার্স আফিল ট্রেড ইন্টারন্যাশনালের পরিচালক রাকিবুল ইসলাম জানান, ইন্দোনেশিয়া থেকে আমদানি করা ১ হাজার ৩৫০ মেট্রিক টন কয়লাবোঝাই জাহাজটি ভৈরব নদে ডুবে গেছে। জাহাজ ডুবিতে প্রায় ৩ কোটি টাকার ক্ষতি হয়েছে বলে তিনি জানান।

নওয়াপাড়া নৌ পুলিশ ফাঁড়ির ইনচার্জ মো, আসাদুজ্জামান জানান, নদের ভাটপাড়া সংলগ্ন ইকোপার্কের সামনে এমভি সুরাইয়া নামের কার্গো জাহাজটি ডুবে যায়। পুলিশ ঘটনাস্থলে  রয়েছে।