ভ্যান থেকে পড়ে গেল ২ কিশোর, চাপা দিলো ট্রাক
বগুড়ার দুপচাঁচিয়ায় অটো ভ্যান থেকে রাস্তায় ছিটকে পড়ে ট্রাকের চাপায় ২ কিশোর নিহত হয়েছে।
আজ রোববার সকালে উপজেলার কাটাহালিতে এ ঘটনা ঘটে।
নিহতরা হলেন- দুপচাঁচিয়ার বড়কোল গ্রামের জাহাঙ্গীর হোসেনের ছেলে ও স্থানীয় স্কুলের ১০ম শ্রেণির শিক্ষার্থী সাগর (১৬) এবং ভ্যানটির চালক ও একই গ্রামের আনোয়ারের ছেলে আশিক (১৫)। এ ঘটনায় একই গ্রামের কলেজশিক্ষার্থী শ্রাবণ (১৭) গুরুতর আহত হয়েছে।
দুপচাঁচিয়া থানায় ওসি হাসান আলী ও সাগরের শিক্ষক মোয়াজ্জিম হোসেন মিলন দ্য ডেইলি স্টারকে জানান, সাগর ও তার বন্ধু শ্রাবণ আজ সকালে আশিকের অটো ভ্যানে করে মোবাইল ফোন মেরামত করার জন্য দুপচাঁচিয়া যায়। কাটাহালিতে অটো ভ্যানের সামনের চাকা খুলে গেলে ৩ জনই রাস্তায় ছিটকে পড়ে। এ সময় পেছন থেকে একটি ট্রাক তাদের চাপা দিলে ৩ জন গুরুতর আহত হয়।
তাদের উদ্ধার করে প্রথমে উপজেলা স্বাস্থ্য কেন্দ্র ও পরে বগুড়া শহীদ জিয়াউর রহমান কলেজে নিয়ে যাওয়া হয়। সেখানে পৌঁছানোর আগেই সাগর মারা যায়। পরে হাসপাতালে আশিকের মৃত্যু হয়।
ট্রাকটি আটক করা গেলেও চালক ও হেলপার পালিয়ে গেছেন বলে জানান ওসি।