মানিকগঞ্জে ট্রাকচাপায় যুবক নিহত, আহত ১

নিজস্ব সংবাদদাতা, মানিকগঞ্জ

মানিকগঞ্জে ট্রাকচাপায় আব্দুল আলিম খান (৩২) নামে এক যুবক নিহত হয়েছেন। আজ রোববার সকালে গোলড়া হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনিরুল ইসলাম দ্য ডেইলি স্টারকে এ তথ্য জানিয়েছেন।

তিনি বলেন, এদিন ভোর ৬টার দিকে সদর উপজেলার উচুটিয়া এলাকায় ধলেশ্বরী সিএনজি ফিলিং স্টেশনের সামনে ঢাকা-আরিচা মহাসড়কে এই দুর্ঘটনা ঘটে।

আব্দুল আলিম ঘিওর উপজেলার জাবরা গ্রামের আব্দুল জলিলের ছেলে। তিনি ঢাকার একটি বেসরকারি প্রতিষ্ঠানে চাকরি করতেন।

মনিরুল ইসলাম আরও জানান, আলিম বৃহস্পতিবার রাতে মানিকগঞ্জ পৌরসভার বৈতরা এলাকায় শ্বশুর বাড়িতে আসেন। ঢাকায় ফেরার উদ্দেশে ভোরে তিনি রিকশায় মানিকগঞ্জ বাসস্ট্যান্ডে যাচ্ছিলেন। ভোর ৬টার দিকে রিকশাটি ধলেশ্বরী সিএনজি ফিলিং স্টেশনের সামনে পৌঁছালে একটি ট্রাক চাপা দিয়ে পালিয়ে যায়। এতে ঘটনাস্থলেই আলিম নিহত হন। রিকশাচালক আহত হয়েছেন। এ ঘটনায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে।