মানিকগঞ্জে সড়ক দুর্ঘটনায় ২ মোটরসাইকেল আরোহী নিহত

নিজস্ব সংবাদদাতা, মানিকগঞ্জ

মানিকগঞ্জ সদর উপজেলায় সড়ক দুর্ঘটনায় ২ মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। শুক্রবার রাত সোয়া ৯টার দিকে ঢাকা-আরিচা মহাসড়কের বিসিক শিল্প নগরী এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন-সাটুরিয়া উপজেলার ধানকোড়া ইউনিয়নের হাবিবুর রহমান হাবু (৩৬) ও সদর উপজেলার রাজিবপুর এলাকার আনোয়ার হোসেন (৩৫)।

গোলড়া হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনিরুল ইসলাম দ্য ডেইলি স্টারকে এ তথ্য নিশ্চিত করেছেন।

দুর্ঘটনায় নিহত আনোয়ার হোসেন পেশায় গরু ব্যবসায়ী ছিলেন উল্লেখ করে তার ভাই আব্দুল হামিদ দ্য ডেইলি স্টারকে বলেন, 'আমার ভাই গরু বিক্রির টাকা নিয়ে মানিকগঞ্জ শহর থেকে বাড়ি ফিরছিলেন।'

ওসি মনিরুল জানান, নিহতদের মরদেহ ও মোটরসাইকেলটি উদ্ধার করে গোলড়া হাইওয়ে থানায় রাখা হয়েছে।

এ বিষয়ে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন বলে জানান তিনি।