মালিবাগে সিমেন্ট মিক্সার গাড়ির ধাক্কায় আহত যুবকের মৃত্যু
রাজধানীর মালিবাগে সিমেন্ট মিক্সার গাড়ির ধাক্কায় আহত এক যুবক মারা গেছেন।
মঙ্গলবার দিবাগত মধ্যরাতে বাইসাইকেলে থাকা আসিফ (২৪) সিমেন্ট মিক্সার গাড়ির ধাক্কায় আহত হন। আজ সকালে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে তিনি মারা যান।
রমনা থানার উপ পরিদর্শক (এসআই) বিপ্লব সরকার জানান, মালিবাগ সিআইডি অফিসের বিপরীত পাশের রাস্তায় দুর্ঘটনাটি ঘটে। পথচারীরা তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেছিল।
এসআই আরও জানান, সিমেন্ট মিক্সার গাড়িটি জব্দ করা হয়েছে। চালক পালিয়ে গেলেও তার সহযোগীকে আটক করা হয়েছে।
আসিফের ভাই আকিব ইকবাল জানান, তাদের বাড়ি ব্রাহ্মণবাড়িয়া জেলার দুর্গাপুর উপজেলায়। রামপুরা উলন রোডের বাসায় তারা থাকেন।
আকিব আরও জানান, আসিফ বেইলী রোডে একটি রেস্টুরেন্টে চাকরি করত। প্রতিদিনের মতো গতরাতেও সে সাইকেল চালিয়ে বাসায় ফিরছিল। সে চাকরির পাশাপাশি উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ে উচ্চ মাধ্যমিকের ছাত্র ছিল।