মুগদায় গ্যাস লিকেজ থেকে আগুন: দগ্ধ মা ও ছেলের মৃত্যু
রাজধানীর মুগদায় একটি বাসায় গ্যাস লিকেজ থেকে আগুনে একই পরিবারের ৪ জন দগ্ধের ঘটনায় প্রিয়াঙ্কার বাড়ৈ (৩২) ও তার ৫ বছরের শিশু অরুপ বৌদ্ধ মারা গেছে।
শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের আইসিইউতে গতকাল রাত ১০টার দিকে অরুপ এবং আজ ভোর রাত ২টার দিকে প্রিয়াঙ্কার মারা যান।
তাদের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে বার্ন ইনস্টিটিউটের আবাসিক সার্জন ডা. এসএম আইউব হোসেন জানান, অরুপ ৬৭ শতাংশ ও প্রিয়াঙ্কা ৭২ শতাংশ দগ্ধ হয়েছিলেন।
তিনি আরও জানান, এ ঘটনায় সুধাংশু বৌদ্ধ ২৫ শতাংশ ও তার শাশুড়ি শেফালী রাণী বাড়ৈ ৩৫ শতাংশ দগ্ধ অবস্থায় চিকিৎসাধীন রয়েছেন। তাদের অবস্থাও আশংকাজনক।
গতকাল সোমবার সকাল পৌনে ৮টার দিকে দক্ষিণ মুগদা মাতব্বরগলির ৩৭ নম্বর বাড়ির নিচতলায় গ্যাস লিকেজ থেকে আগুনে একই পরিবারের ৪ জন দগ্ধ হন।
মৃত প্রিয়াঙ্কার বড় ভাই পলাশ বাড়ৈ জানান, মা শেফালী রানীকে নিয়ে ঢাকায় থাকেন তিনি। তার বোন প্রিয়াঙ্কা পরিবারসহ শরিয়তপুরের ভেদেরগঞ্জ উপজেলার নারায়ণপুর গ্রামে থাকেন। বোন জামাই সুধাংশুর চিকিৎসার জন্য গত শনিবার তারা ঢাকায় আসেন।
তিনি আরও জানান, আজ সকালে ঘুম থেকে উঠে প্রিয়াঙ্কা পানি গরম করতে রান্না ঘরে যান। গ্যাসের চুলা চালু করে দিয়াশলাই জ্বালাতেই রান্না ঘরে বিকট শব্দ হয়। এতে বাসায় থাকা তারা ৪ জনই দগ্ধ হন। সঙ্গে সঙ্গে তাদেরকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়।
মুগদা থানার উপপরিদর্শক (এসআই) ইব্রাহিম খলিল জানান, আগুনে বাসার অধিকাংশ জিনিসই পুড়ে গেছে, জানালার গ্লাসও ভেঙে গেছে। ধারনা করা হচ্ছে চালু করে রাখা গ্যাসের চুলা থেকে রান্না ঘরে গ্যাস জমে ছিল। দিয়াশলাই জ্বালাতেই তা বিস্ফোরিত হয়েছে।