মুগদায় গ্যাস লিকেজ থেকে আগুন, দগ্ধ ৪

স্টার অনলাইন রিপোর্ট

রাজধানীর মুগদায় একটি বাসায় গ্যাস লিকেজ থেকে আগুনে একই পরিবারের ৪ জন দগ্ধ হয়েছেন।

আজ সোমবার সকাল পৌনে ৮টার দিকে দক্ষিণ মুগদা মাতব্বরগলির ৩৭ নম্বর বাড়ির নিচতলায় এই দুর্ঘটনা ঘটে।

দগ্ধদের উদ্ধার করে শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ভর্তি করা হয়েছে।

দগ্ধরা হলেন—সুধাংশু বৌদ্ধ (৩৫), তার স্ত্রী প্রিয়াঙ্কা বাড়ৈ (৩২), একমাত্র ছেলে অরুপ বৌদ্ধ (৫) ও সুধাংশুর শাশুড়ি শেফালী রাণী বাড়ৈ (৫৫)।

দগ্ধ প্রিয়াঙ্কার বড় ভাই পলাশ বাড়ৈ জানান, মা শেফালী রানীকে নিয়ে ঢাকায় থাকেন তিনি। তার বোন প্রিয়াঙ্কা পরিবারসহ শরিয়তপুরের ভেদেরগঞ্জ উপজেলার নারায়ণপুর গ্রামে থাকেন। বোন জামাই সুধাংশুর চিকিৎসার জন্য গত শনিবার তারা ঢাকায় আসেন।

তিনি আরও জানান, আজ সকালে ঘুম থেকে উঠে প্রিয়াঙ্কা পানি গরম করতে রান্না ঘরে যান। গ্যাসের চুলা চালু করে দিয়াশলাই জ্বালাতেই রান্না ঘরে বিকট শব্দ হয়। এতে বাসায় থাকা তারা ৪ জনই দগ্ধ হন। সঙ্গে সঙ্গে তাদেরকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়।

বার্ন ইনস্টিটিউটের আবাসিক সার্জন ডা. এসএম আইউব হোসেন জানান, তাদের সবার অবস্থাই গুরুতর। দগ্ধের পরিমাণ পরে বলা যাবে।

মুগদা থানার উপপরিদর্শক (এসআই) ইব্রাহিম খলিল জানান, আগুনে বাসার অধিকাংশ জিনিসই পুড়ে গেছে, জানালার গ্লাসও ভেঙে গেছে। ধারনা করা হচ্ছে চালু করে রাখা গ্যাসের চুলা থেকে রান্না ঘরে গ্যাস জমে ছিল। দিয়াশলাই জ্বালাতেই তা বিস্ফোরিত হয়েছে।