মুন্সিগঞ্জে বেইলি ব্রিজ ভেঙে ট্রাক খালে
মুন্সিগঞ্জের লৌহজং উপজেলার গাওদিয়া ইউনিয়নের ঘোলতলী এলাকায় একটি বেইলি ব্রিজ ভেঙে গাছের গুড়ি বোঝাই ট্রাক খালে ডুবে গেছে। এতে বন্ধ হয়ে গেছে টংগিবাড়ি-লৌহজং সড়কে যানবাহন চলাচল, দুর্ভোগে পড়েছেন যাত্রীরা।
আজ শনিবার ভোররাত সাড়ে ১২টার দিকে এ ঘটনা ঘটেছে। তবে, দুপুর ৩টা পর্যন্ত ডুবে যাওয়া ট্রাকটি উদ্ধারে কোনো কার্যক্রম শুরু হয়নি।
মুন্সিগঞ্জ থেকে গাছের গুড়ি বোঝাই ট্রাকটির শরীয়তপুরের কাজিরহাট যাওয়ার কথা ছিল।
মুন্সিগঞ্জ সড়ক ও জনপদ (সওজ) বিভাগের নির্বাহী প্রকৌশলী দেওয়ান আবুল কাশেম মোহাম্মদ নাহীন রেজা বলেন, 'ধারণক্ষমতার চেয়ে অধিক পরিমাণ লোড হওয়ায় বেইলি ব্রিজটি ভেঙে গেছে। একটি নতুন বেইলি ব্রিজ সেখানে স্থাপন করা হবে। নতুন বেইলি ব্রিজ স্থাপন করা সহজ হলেও ক্ষতিগ্রস্ত বেইলি ব্রিজ ও ডুবে যাওয়া ট্রাকটি ঘটনাস্থল থেকে সরানো অনেক চ্যালেঞ্জিং।'
তিনি আরও বলেন, 'এ পথের ৬টি বেইলি ব্রিজ সরিয়ে সেখানে নতুন পাকা ব্রিজ নির্মাণের প্রকল্প গ্রহণ করা হয়েছে। শিগগির প্রকল্পের কাজ শুরু হবে। মানুষের দুর্ভোগ কমাতে আপাতত ভেঙে যাওয়া বেইলি ব্রিজটি মেরামত করে দেওয়া হচ্ছে।'
স্থানীয়রা জানান, মুন্সিগঞ্জ সদর, টঙ্গিবাড়ি ও লৌহজং উপজেলার লক্ষাধিক মানুষ এই সেতুটি ব্যবহার করেন। এই পথে নিয়মিত বড় মালবাহী যানবাহন ঢাকা ও দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলায় চলাচল করে।
ঘটনার প্রত্যক্ষদর্শী মো. মুজিবুর রহমান বলেন, 'গাছের গুড়ি বোঝাই ট্রাকটি বেইলি ব্রিজের মাঝখানে গিয়ে ব্রেক করে। এরপরই ব্রিজটি ভেঙে ট্রাকটি খালের পানিতে পড়ে যায়। তারপর চালক ও হেলপার গাড়ি থেকে বের হয় আসেন।'
গাওদিয়া ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের মেম্বার মো. শাহ আলম বলেন, 'বর্তমানে এই সড়কে বাস ও ট্রাক চলাচল বন্ধ রয়েছে। ৩ চাকার যানবাহনগুলো বিকল্প একটি ছোট সড়ক ব্যবহার করে চলাচল করছে। ভারী যানবাহনগুলো ঘুরে সিপাহীপাড়া-ইছাপুরা-শ্রীনগর সড়ক ব্যবহার করে চলাচল করছে।'
লৌহজং থানার অফিসার ইনচার্জ (ওসি) আব্দুল্লাহ আল তায়াবীর বলেন, 'ট্রাকচালক মো. নুরু মুন্সী এবং তার সহকারী আহত অবস্থায় ট্রাক থেকে বের হয়ে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা গ্রহণ করেছেন। তারপর থেকে তারা পলাতক।'
সওজের সড়ক উপবিভাগের উপবিভাগীয় প্রকৌশলী ফাহিম রহমান খান ঘটনাস্থল পরিদর্শন করে বলেন, '১৯৯৯ সালে নির্মিত বেইলি ব্রিজটি ঝুঁকিপূর্ণ হওয়ায় ৫ টন ধারণ ক্ষমতা নির্ধারণ করা হলেও সেই নির্দেশনা অমান্য করেছে ট্রাকটি। সরকারি সম্পত্তি নষ্ট করায় ট্রাকমালিক ও চালকের বিরুদ্ধে লৌহজং থানায় অভিযোগ দায়ের করা হয়েছে।'
তিনি জানান, নতুন ব্রিজ স্থাপনের কাজ সম্পন্ন করতে প্রায় ২ সপ্তাহ সময় লাগতে পারে। ধারণ ক্ষমতার অধিক মালামাল নিয়ে যাতে বেইলি ব্রিজে যানবাহন চলাচল করতে না পারে সেজন্য জনবল নিয়োগ দেওয়া হয়ে থাকে। কিন্তু মুন্সিগঞ্জ সড়ক ও জনপদ বিভাগে জনবল সংকট থাকায় এটি করা যায়নি।