মোহাম্মদপুরে গ্যাস লিকেজ থেকে আগুন, দগ্ধ ৫
রাজধানীর মোহাম্মদপুর শিয়া মসজিদ এলাকায় একটি রেস্টুরেন্টে গ্যাস লিকেজ থেকে আগুনে ৫ জন দগ্ধ হয়েছেন।
আজ রোববার বিকেল ৫টার দিকে মোহাম্মদপুর শিয়া মসজিদ এলাকায় নবাবী ভোজ হোটেল অ্যান্ড রেস্টুরেন্টে এ দুর্ঘটনা ঘটে।
দগ্ধদের শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে নেওয়া হয়।
দগ্ধরা হলেন হৃদয় (২১), সাইফুল ইসলাম (২২), আমিনুল ইসলাম (১৮), মিঠু (২৪) ও রাব্বি (২২)।
দগ্ধ সাইফুল ইসলাম বলেন, 'বিকেলে রেস্টুরেন্টে কাজ করছিলাম। হঠাৎ চুলার পাশে গ্যাসের পাইপ থেকে গ্যাস লিকেজের শব্দ পাওয়া যায়। এরপর তড়িঘড়ি করে বন্ধ করতে গেলে তখনই সেখান থেকে বিস্ফোরণ হয়।'
বার্ন ইনস্টিটিউটের কর্তব্যরত চিকিৎসক জানান, মোহাম্মদপুরে গ্যাসের লিকেজের আগুনে দগ্ধ ৫ জন হাসপাতালে এসেছে। তাদের মধ্যে আমিনুলের ১৮, মিঠুর ১৫, রাব্বির ৩৫, হৃদয়ের ২ ও সাইফুলের ১ শতাংশ দগ্ধ হয়েছে। আমিনুল, মিঠু ও রাব্বিকে ভর্তি রাখা হয়েছে। বাকি ২ জনকে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে।