মৌলভীবাজার টিলা ধসে ৩ শিশুর মৃত্যু
মৌলভীবাজারের কুলাউড়ায় টিলা ধসে ৩ শিশুর মৃত্যু হয়েছে। আজ বিকেল ৪টার দিকে ভাটেরা ইউনিয়নের ইসলামনগর গ্রামে এ ঘটনা ঘটে।
কুলাউড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বিনয় ভূষণ রায় দ্য ডেইলি স্টারকে এ তথ্য নিশ্চিত করেছেন।
তিনি বলেন, 'ওই শিশুরা টিলার গর্তে প্রবেশ করে । এ সময় হঠাৎ করে টিলাটি ধসে পড়লে তারা সবাই চাপা পড়ে। এতে ঘটনাস্থলেই তাদের মৃত্যু হয়।'
নিহতরা হলো- ভাটেরা পশ্চিম ইসলামনগরের সুমন মিয়া (১৫), নাহিদ আহমদ (১৪) ও আব্দুল কবির (৯)।
পশ্চিম ইসলামনগরের পঞ্চায়েত প্রধান সফর উদ্দিন জানান, রাবার বাগানের ভেতরে ঘাগরাছড়া টিলার গর্তে প্রবেশ করেছিল ওরা। এ সময় মাটি ধসে পড়লে তারা চাপা পড়ে। পরে, স্থানীয়রা তাদের উদ্ধার করে ফেঞ্চুগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
স্থানীয় ইউপি সদস্য বদরুল ইসলাম বলেন, 'সকাল বৃষ্টি ছিল। এ কারণে ওই টিলার মাটি নরম হয়ে যায়। তারা পাখির বাসা দেখে গর্তে প্রবেশের পর মাটি ধসে পড়ে এবং তারা চাপা পড়ে।'