ময়মনসিংহ ও গাইবান্ধায় সড়ক দুর্ঘটনায় নিহত ৪
ময়মনসিংহের তারাকান্দা ও গাইবান্ধার পলাশবাড়ী উপজেলায় সড়ক দুর্ঘটনায় ৪ জন নিহত হয়েছেন। দুর্ঘটনায় আহত হয়েছেন অন্তত ৫ জন।
আজ বুধবার সকাল পৌনে ৯টার দিকে তারাকান্দা উপজেলার বাগুন্দা মোড় এলাকায় ময়মনসিংহ-শেরপুর সড়কে এ দুর্ঘটনা ঘটে।
তারাকান্দা থানার উপপরিদর্শক (এসআই) আব্দুস সবুর বলেন, একটি যাত্রীবাহী মাইক্রোবাস ঢাকার উদ্দেশে যাচ্ছিল। বাগুন্দা মোড়ে পৌঁছালে বিপরীত দিক আসা একটি ট্রাকের সঙ্গে সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই মাইক্রোবাসের ২ যাত্রী নিহত হন। আহত হয়েছেন আরও ৫ জন। স্থানীয় বাসিন্দারা তাদের উদ্ধার করে হাসপাতালে ভর্তি করেন।
সবুর আরও বলেন, নিহত দুজন হলেন—হনুফা বেগম (৫০) ও মাহমুদুল ইসলাম (৩০)। তাদের বাড়ি শেরপুরের ঝিনাইগাতি উপজেলায়। দুর্ঘটনাকবলিত গাড়ি জব্দ করা হয়েছে। তবে চালক পলাতক।
গোবিন্দগঞ্জ হাইওয়ে ফাঁড়ির ইনচার্জ নূর নবী প্রধান বলেন, গাইবান্ধার পলাশবাড়ী উপজেলায় সড়ক দুর্ঘটনায় ২ জন নিহত হয়েছেন। আজ সকাল সাড়ে ৮টা থেকে পৌনে ৯টার মধ্যে উপজেলার মহেশপুর এলাকায় রংপুর-ঢাকা মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।
নিহত ব্যক্তিরা হলেন—তাজু ও সোহেল। তাদের বাড়ি রংপুরে।
নূর নবী আরও বলেন, ঢাকা থেকে নিউ সাফা পরিবহনের যাত্রীবাহী একটি বাস পঞ্চগড়ের উদ্দেশে যাচ্ছিল। বাসটি মহেশপুর এলাকায় সবজিবাহী একটি অটোরিকশাকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই তাজু ও সোহেল নিহত হন।