যশোরে অগ্নিনির্বাপক সিলিন্ডার বিস্ফোরণে বীর মুক্তিযোদ্ধা নিহত

নিজস্ব সংবাদদাতা, বেনাপোল

যশোরে অগ্নিনির্বাপক সিলিন্ডার বিস্ফোরণে বীর মুক্তিযোদ্ধা আনারুল ইসলাম (৭০) নিহত হয়েছেন।

আজ বুধবার দুপুরে ওই দুর্ঘটনা ঘটে। তার বাড়ি যশোর শহরের ঘোপ নওয়াপাড়া রোড এলাকায়।

নিহত আনারুল ইসলামের ভাই আশরাফুল ইসলাম দ্য ডেইলি স্টারকে জানান, আনারুল ইসলাম যশোর শহরে অগ্নিনির্বাপক সিলিন্ডারের ব্যবসা করতেন। সকালে নিজ বাডি়তে সিলিন্ডার স্থানান্তরের সময় সিলিন্ডার বিস্ফোরিত হয়ে তিনি গুরুতর আহত হন। স্থানীয়রা উদ্ধার করে যশোর জেনারেল হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক আব্দুর রশিদ তাকে মৃত ঘোষণা করেন। অতিরিক্ত রক্তক্ষরণে তার মৃত্যু হয়েছে বলে জানানো হয়েছে।

যশোর কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তাইজুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, 'পরিবারের পক্ষ থেকে কোনো অভিযোগ না পাওয়ায় মরদেহ ময়নাতদন্ত ছাড়াই পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।'