যশোরে গাছের সঙ্গে মোটরসাইকেলের ধাক্কায় ২ কলেজ শিক্ষার্থী নিহত

নিজস্ব সংবাদদাতা, বেনাপোল

যশোরের মণিরামপুরে গাছের সঙ্গে মোটরসাইকেলের ধাক্কা লেগে ২ জন কলেজ শিক্ষার্থী নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও একজন।

শুক্রবার রাত পৌনে ১২টায় বাঁকড়া-খেদাপাড়া সড়কের বসন্তপুর এলাকায় ওই দুর্ঘটনা ঘটে।

মণিরামপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নূর-ই-আলম সিদ্দীকি দ্য ডেইলি স্টারকে এ তথ্য জানান।

নিহতরা হলেন, উপজেলার কিসমত চাকলা গ্রামের এরশাদ আলীর ছেলে শাওন হোসেন (২০) এবং একই গ্রামের কাশেম শেখের ছেলে ইমরান হোসেন (২১)। আহত আসিফ হোসেন (২২) ডুমুরখালি গ্রামের আব্দুল আলিমের ছেলে।

পুলিশ জানায়, তারা খেদাপাড়া এলাকায় তরিকুল ইসলামের বাড়ি থেকে দাওয়াত খেয়ে  একই মোটরসাইকেলে চড়ে খেদাপাড়া বাজার থেকে যাচ্ছিলেন। বসন্তপুর এলাকায় মোটরসাইকেলটি নিয়ন্ত্রণ হারিয়ে একটি মেহগনি গাছের সঙ্গে ধাক্কা লাগে। এতে ঘটনাস্থলে শাওন ও ইমরান মারা যান। স্থানীয়রা আসিফকে উদ্ধার করে  যশোর জেনারেল হাসপাতালে ভর্তি করেন।

মোটরসাইকেলটি পুলিশের হেফাজতে আছে।