যশোরে ট্রাকের ধাক্কায় ইজিবাইকের চালক ও যাত্রী নিহত

নিজস্ব সংবাদদাতা, বেনাপোল

যশোর সদর উপজেলার সাতমাইল এলাকায় ট্রাকের ধাক্কায় ইজিবাইকের চালক ও এক যাত্রী নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও ২ যাত্রী।

নিহতরা হলেন ঝিনাইদহ জেলা সদরের আরিফপুর গ্রামের আব্দুল মোতলেবের ছেলে ও ইজিবাইকচালক রুহুল আমিন (৩০) ও এর যাত্রী একই এলাকার আব্দুল কাদেরের ছেলে ইউসুফ আলী (৩৯)।

আহতরা হলেন ঝিনাইদহ সদরের আরিফপুর গ্রামের মনোয়ার হোসেন (৫২) ও একই এলাকার সোহরাব হোসেন (৪২)।

গতকাল শনিবার রাতে যশোর সদর উপজেলার সাতমাইল কাজী নজরুল ইসলাম কলেজের সামনে এ দুর্ঘটনা ঘটে।

আহত সোহরাব হোসেন দ্য ডেইলি স্টারকে বলেন, 'পিকনিকের গাড়ি ভাড়া করার জন্য ঝিনাইদহ থেকে যশোরে আসি। গাড়ি ভাড়া ঠিক করে বাড়ি ফেরার সময় ট্রাকের ধাক্কায় এই দুর্ঘটনা ঘটে।'

'ইউসুফ আলী ঘটনাস্থলেই মারা যান' উল্লেখ করে তিনি আরও বলেন, 'স্থানীয়রা আমাদের উদ্ধার করে যশোর জেনারেল হাসপাতালে ভর্তি করেন। চিকিৎসাধীন অবস্থায় রাত ৯টার দিকে রুহুল আমিন মারা যান।'

যশোর জেনারেল হাসপাতালের চিকিৎসক ডাক্তার মিসরী হোসেন ডেইলি স্টারকে বলেন, 'শনিবার রাতে যশোরের সাতমাইল কাজী নজরুল ইসলাম কলেজের সামনে দুর্ঘটনায় একজন ঘটনাস্থলে মারা যান এবং আর একজন যশোর জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান।'

যশোর কোতয়ালী থানার ওসি তাজুল ইসলাম ডেইলি স্টারকে বলেন, 'সংবাদ পেয়ে সাজিয়ালী ফাঁড়ি পুলিশ ও হাইওয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে যান চলাচল স্বাভাবিক করে।'