যশোরে পৃথক সড়ক দুর্ঘটনায় নিহত ৩, আহত ৪

নিজস্ব সংবাদদাতা, বেনাপোল

যশোরে পৃথক সড়ক দুর্ঘটনায় ৩ জন নিহত ও ৪ জন গুরুতর আহত হয়েছেন।

আজ বুধবার বিকেলে যশোর-খুলনা মহাসড়কের বসুন্দিয়ার দোলনঘাটা মোড়ে বাস ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষ হয়। এ ছাড়া সন্ধ্যায় শহরের ঘোপ সেন্ট্রাল রোড এলাকায় মোটরসাইকেল দুর্ঘটনাটি ঘটে।

স্থানীয় সূত্রে জানা গেছে, বসুন্দিয়া এলাকায় যাত্রীবাহী বাস-ট্রাকের মুখোমুখি সংঘর্ষে ২ জন নিহত ও ৪ জন গুরুতর আহত হয়েছেন। নিহত দুজন হলেন, সদর উপজেলার বলরামপুর গ্রামের মুন্না (২০) ও তাজউদ্দিন (৩২)।

আহতরা হলেন- যশোর সদরের বলরামপুর গ্রামের মুন্না (১৯), তাজউদ্দিন (৪০), শহরতলির শেখহাটির জামাল (৪৫), মণিরামপুর উত্তর পাড়ার মিন্টু (৪০)।

এ ছাড়া মোটরসাইকেল দুর্ঘটনায় ঘোপ সেন্ট্রাল রোড এলাকার  শরীফ হোসেন নিহত হয়েছেন।

এ বিষয়ে যশোর জেলা ট্রাক ও ট্রাক্টর শ্রমিক ইউনিয়নের সাংগঠনিক সম্পাদক আবু সাইদ দ্য ডেইলি স্টারকে জানান, যশোর থেকে ছেড়ে যাওয়া সোহাগ পরিবহনের একটি যাত্রীবোঝাই বাস এবং বিপরীতমুখী একটি মাটিবাহী ট্রাকের মুখোমুখী সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই মুন্না ও তাজউদ্দিন মারা যান।
 
স্থানীয়রা আহতদের উদ্ধার করে যশোর জেনারেল হাসপাতালের সার্জারি ওয়ার্ডে ভর্তি করে। 
 
হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক আব্দুর রশিদ দ্য ডেইলি স্টারকে জানান, সড়ক দুর্ঘটনায় ৩ জন মারা গেছেন। গুরুতর আহত ৪ জনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। তাদের অবস্থা আশঙ্কাজনক।

নওয়াপাড়া হাইওয়ে থানার এসআই শাহ আলম দ্য ডেইলি স্টারকে জানান, যাত্রীবাহী বাস ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষে ট্রাকে থাকা দুজন নিহত হয়েছেন। বাস ও ট্রাক দুটি আটক করা হয়েছে। তবে বাসের চালক পলাতক রয়েছেন। এ ব্যাপারে থানায় মামলা হয়েছে।