যাত্রাবাড়ীতে মোটর পার্টস মার্কেটে বিস্ফোরণ, দগ্ধ ৬

স্টার অনলাইন রিপোর্ট

রাজধানীর যাত্রাবাড়ীতে জনপথ মোড়ে একটি মোটর পার্টস মার্কেটে বিস্ফোরণে ৬ জন দগ্ধ হয়েছেন। আজ শনিবার বিকেল সোয়া ৫টার দিকে এ ঘটনা ঘটে। 

এতে আবুল কালাম (৫৮), শামসুদ্দিন রবিন (২৮),  রিপন (৪৫), শফিকুল ইসলাম (৪০), বিশ্বনাথ (৫০) ও কবির (৪০) দগ্ধ হয়েছেন। তাদের শেখ হাসিনা জাতীয় ও বার্ণ ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে চিকিৎসা দেওয়া হচ্ছে।

পোস্তগোলা ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন অফিসার জহিরুল ইসলাম দ্য ডেইলি স্টারকে বলেন, 'বিস্ফোরণের খবর পেয়ে আমরা ৩টি ইউনিট নিয়ে সেখানে পৌঁছাই কিন্তু সেখানে কোনো আগুন দেখতে পাইনি।'

প্রত্যক্ষদর্শীদের বরাতে জহিরুল ইসলাম জানান, ওই দ্বিতীয় তলা মার্কেটের নিচতলায় একটি সিলিন্ডারের দোকান আছে। সেখানে শ্রমিকরা কাজ করছিলেন। বিস্ফোরণের ঘটনার সময় আগুনের ফুল্কিতে সেখানে থাকা শ্রমিকরা দগ্ধ হয়েছেন। ধারণা করা হচ্ছে, খালি সিলিন্ডারের ভিতরে কিছু অংশে জমে থাকা গ্যাস থেকে এই বিস্ফোরণের ঘটনা ঘটতে পারে।'

শেখ হাসিনা জাতীয় ও বার্ণ ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউট ডা. আইয়ুব হোসেন জানান, দগ্ধ ৬ জনের মধ্যে ৫ জনের অবস্থাই আশঙ্কাজনক। তাদেরকে শেখ হাসিনা জাতীয় বার্ন ইনস্টিটিউটে চিকিৎসা দেওয়া হচ্ছে। তাদের মধ্যে আবুল কালামের শরীরের ৮০ শতাংশ, রিপনের শরীরের ৬০ শতাংশ, শফিকুল ইসলামের শরীরের ৭৮ শতাংশ, বিশ্বনাথের শরীরের ৩৪ শতাংশ এবং কবিরের শরীরের ৮৫ শতাংশ পুড়ে গেছে।

তিনি আরও বলেন, 'তাদের ভর্তি রেখে চিকিৎসা দেওয়া হচ্ছে। শামসুদ্দিন রবিনের হাত ও মুখ ঝলসে গেছে। তাকে অবজারভেশনে রাখা হয়েছে।'

দগ্ধ শামসুদ্দিন রবিন জানান, ওই মার্কেটের তার ওয়েল্ডিং দোকান আছে। হঠাৎ পাশের দোকান থেকে আগুনের ফুলকি তার দুই হাত ও মুখমণ্ডল ঝলসে যায়। আগুনের সুত্রপাতের বিষয়ে তিনি কিছু জানাতে পারেনি।