যাত্রাবাড়ীতে স্টিল মিলের চুল্লি বিস্ফোরণে ৩ শ্রমিক দগ্ধ

স্টার অনলাইন রিপোর্ট

রাজধানীর যাত্রাবাড়ীর কোনাপাড়ায় একটি স্টিল মিলে লোহা গলানোর চুল্লি বিস্ফোরণে ৩ শ্রমিক দগ্ধ হয়েছেন। দগ্ধ ৩ জনকে শেখ হাসিনা বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটউটে ভর্তি করা হয়েছে।

দগ্ধরা হলেন-আকতার হোসেন (৫০), মো. শাহিন (২৫) ও মাইনুদ্দিন (২২)।

যাত্রাবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাজহারুল ইসলাম দ্য ডেইলি স্টারকে এ তথ্য নিশ্চিত করেছেন।

মঙ্গলবার রাত ৮টার দিকে এ ঘটনা ঘটে।

বার্ন ইনস্টিটিউটের কর্তব্যরত চিকিৎসক জানান, দগ্ধ ৩ জনের শরীরের ৫০ শতাংশ দগ্ধ হয়েছে। ৩ জনের অবস্থা গুরুতর বলে জানান তিনি।

দগ্ধদের তাদেরকে উদ্ধার করে বার্ন ইনস্টিটিউটে নিয়ে যাওয়া মো. রায়হান জানান, রাতে ওই ৩ জন কারখানার চুল্লিতে লোহা গলানোর কাজ করছিলেন। এ সময় হঠাৎ বিস্ফোরণ হয়। এতে চুল্লির গলিত লোহা তাদের ৩ জনের শরীরে ছিটকে পড়ে।