রংপুরে বাস-ট্রাক সংঘর্ষে নিহত ২, আহত ৫

নিজস্ব সংবাদদাতা, দিনাজপুর

রংপুরের মিঠাপুকুরে বাস ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষে ২ জন নিহত এবং ৫ জন আহত হয়েছেন।

শুক্রবার ভোরে উপজেলার শঠিবাড়ি-বড়দরগাহ সড়কে মির্জাপুর স্কুল অ্যান্ড কলেজ এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

বড়দরগাহ হাইওয়ে পুলিশ ফাঁড়ির ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহজাহান আলী দ্য ডেইলি স্টারকে দুর্ঘটনার তথ্য নিশ্চিত করেছেন।

তিনি জানান, রংপুরগামী বাস ও ঢাকাগামী ট্রাকের মুখোমুখি সংঘর্ষের খবর পেয়ে বড়দরগাহ হাইওয়ে পুলিশ ও মিঠাপুকুর থানা পুলিশসহ ফায়ার সার্ভিস কর্মীরা ঘটনাস্থলে পৌঁছে ২ জনের মরদেহ উদ্ধার করে।

একজনের মরদেহ ট্রাক থেকে (৩৮) এবং অন্যজনকে বাস থেকে (৫২) উদ্ধার করা হয় বলে জানান তিনি।

এ ঘটনায় আহত অন্তত ৫ জনকে নিকটস্থ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়।

তাদের মধ্যে গুরুতর একজনকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

নিহতদের নাম-পরিচয় এখনো নিশ্চিত হওয়া যায়নি বলে জানান ওসি।