রাঙ্গামাটিতে নির্মাণাধীন সেতু ধসে ১ শ্রমিক নিহত, আহত ১৭
রাঙ্গামাটি সদর উপজেলায় নির্মাণাধীন সেতু ধসে ১ শ্রমিক নিহত ও ১৭ জন আহত হয়েছেন।
আজ বৃহস্পতিবার সকালে উপজেলার বড়দাম এলাকায় এ ঘটনা ঘটে।
রাঙামাটি সদর উপজেলার উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) নাজমা বিনতে আমিন দ্য ডেইলি স্টারকে এ তথ্য নিশ্চিত করেছেন।
নিহত নির্মাণশ্রমিক মোহাম্মদ রফিকের (৩৮) বাড়ি সুনামগঞ্জ জেলায়।
আহতদের রাঙামাটি সদর হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে।
হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার (আরএমও) শওকত আকবর হোসেন দ্য ডেইলি স্টারকে জানান, আহত ১৭ জনের মধ্যে ৩ জনের অবস্থা আশঙ্কাজনক।
ইউএনও বলেন, 'উপজেলার বড়দাম এলাকায় স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের (এলজিইডি) নির্মাণাধীন সেতুটি আজ সকালে ভেঙে পড়ায় এ দুর্ঘটনা ঘটে।'
জানতে চাইলে রাঙ্গামাটি এলজিইডি ইউনিটের নির্বাহী প্রকৌশলী আহমাদ শফি ডেইলি স্টারকে বলেন, 'আমাদের কোনো গাফিলতি ছিল না। ঠিকাদারের অবহেলায় নির্মাণাধীন সেতুটি ভেঙে পড়েছে। এ দুর্ঘটনার জন্য আমরা সত্যিই দুঃখিত।'
তিনি জানান, ৩৬ মিটার দীর্ঘ এই সেতুটি নির্মাণে ব্যয় হচ্ছে ৪ কোটি ৭৫ লাখ টাকা।
স্থানীয় যুবলীগ নেতা মো. জসিম উদ্দিন এই প্রকল্পের ঠিকাদার ছিলেন বলে জানান প্রকৌশলী।
তবে একাধিকবার চেষ্টা করেও ঠিকাদারের সঙ্গে যোগাযোগ করা সম্ভব হয়নি।