রাজধানীতে পৃথক সড়ক দুর্ঘটনায় নিহত ২

স্টার অনলাইন রিপোর্ট

রাজধানীতে পৃথক সড়ক দুর্ঘটনায় ২ জন নিহত হয়েছেন।

রোববার রাত ১২টা ও আজ সোমবার ভোর ৫টার দিকে এই দুর্ঘটনা ঘটে।

দুর্ঘটনায় ভাটারা কোকাকোলা মোড়ে মাইক্রোবাসের ধাক্কায় সখিনা আক্তার (২৮) নামে এক পরিচ্ছন্নতা কর্মী নিহত হয়েছেন।

সখিনার স্বামী মো. আলআমিন জানান, সখিনা সিটি করপোরেশন উত্তরে পরিচ্ছন্ন কর্মীর কাজ করতেন। রোববার দিবাগত রাত ১২টার দিকে কোকাকোলা মোড়ে ঝাড়ু দেওয়ার সময় একটি মাইক্রোবাস তাকে ধাক্কা দেয়। এতে গুরুতর আহত হন তিনি। আহত অবস্থায় তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে ভোর সাড়ে ৫টার দিকে তিনি মারা যান।

তিনি আরও জানান, তাদের বাড়ি নেত্রকোণা জেলার কলমাকান্দা গ্রামে। বর্তমানে ভাটারা নতুন বাজার এলাকায় ভাড়া থাকেন।

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের পুলিশ ফাঁড়ির ইনচার্জ (পরিদর্শক) মো. বাচ্চু মিয়া মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে জানান, মরদেহ ময়নাতদন্তের জন্য মর্গে রাখা হয়েছে।

অন্য আরেকটি দুর্ঘটনায় বাড্ডার হোসেন মার্কেট এলাকায় ট্রাক ধাক্কায় আজমির শেখ (২৭) নামে এক যুবক নিহত হয়েছেন।

আজ সোমবার ভোর ৫টার দিকে হোসেন মার্কেট এলাকায় এ দুর্ঘটনা ঘটে। গুরুতর আহত অবস্থায় তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন।

আজমির শেখের বাড়ি পাবনা সদর উপজেলার বউডাঙা গ্রামে। বাবার নাম খাইরুল শেখ। তিনি পেশায় একজন কাঠমিস্ত্রি।

বাড্ডা থানার উপ-পরিদর্শক (এসআই) শেখ শিবলু জানান, ভোরে হোসেন মার্কেট এলাকার এমজেড হাসপাতালে উত্তর পাশের পায়ে হেঁটে রাস্তা পার হওয়ার সময় একটি ট্রাক তাকে ধাক্কা দেয়। এতে গুরুতর আহত হন তিনি। সহকর্মীরা তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন।

তিনি আরও জানান, মরদেহ ময়নাতদন্তের জন্য মর্গে রাখা হয়েছে। এ ঘটনায় একটি অপমৃত্যুর মামলা প্রক্রিয়াধীন রয়েছে। গাড়িটি শনাক্তের চেষ্টা চলছে।