রাজধানীতে সড়ক দুর্ঘটনায় শিক্ষার্থী নিহত

স্টার অনলাইন রিপোর্ট

রাজধানীর দারুসসালাম এলাকায় সড়ক দুর্ঘটনায় মোটরসাইকেল আরোহী সামান্তা আলম যুথী (১৯) নামে এক কলেজ শিক্ষার্থী নিহত এবং চালক আহত হয়েছেন। বৃহস্পতিবার দিনগত রাত ১টার দিকে দুর্ঘটনাটি ঘটে। 

সামান্তার বাড়ি গোপালগঞ্জের কাশিয়ানী উপজেলায়। তার বাবার নাম নুরুল ইসলাম টিপু। সামান্তা মিরপুর দিয়াবাড়ি এলাকায় পরিবারের সঙ্গে থাকতেন। তিনি ইউসেফ ইনস্টিটিউট অব সায়েন্স অ্যান্ড টেকনোলজির দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী।

দারুস সালাম থানার উপপরিদর্শক (এসআই) আমিনুল ইসলাম দুর্ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, 'গতকাল ওই শিক্ষার্থী তার কলেজ থেকে কুমিল্লায় বনভোজনে যান। রাতে কুমিল্লা থেকে বাসে করে মাজার রোডে নামেন। সেখান থেকে সহপাঠী নিলয়ের মোটরসাইকেলে করে বাসায় ফেরার সময় দারুস সালাম এলাকায় মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তায় পড়ে যায়। এতে সামান্তা গুরুতর আহত হয়। পরে নিলয় নিজেই সামান্তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতলে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। দুর্ঘটনায় নিলয় সামান্য আহত হন। তাকে হাসপাতালে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে।'

সামান্তার মরদেহ ময়নাতদন্তের জন্য হাসপাতালের মর্গে রাখা হয়েছে বলেও জানান তিনি।