রাজধানীর কাউলায় লরিচাপায় মোটরসাইকেল আরোহী নিহত
রাজধানীর কাউলা এলাকায় লরিচাপায় মোটরসাইকেল আরোহী এক যুবক নিহত হয়েছেন।
গতকাল শুক্রবার দিবাগত রাত সোয়া ১২টার দিকে এ দুর্ঘটনা ঘটে।
এ ঘটনায় মোটরসাইকেল আরোহী মাহদী হাসান লিমনকে (২১) মুমূর্ষু অবস্থায় উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নিয়ে যায় পুলিশ। পরে রাত পৌনে ২টার দিকে ঢামেকে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
বিমানবন্দর থানার উপপরিদর্শক (এসআই) মো. আসাদুজ্জামান শেখ দ্য ডেইলি স্টারকে বলেন, 'রাতে মোটরসাইকেল চালিয়ে যাচ্ছিলেন ওই যুবক। কাউলা পদ্মা ওয়েল আউট গোয়িংয়ে আসলে একটি লরির চাপায় তিনি গুরুতর আহত হন। সংবাদ পেয়ে ঘটনাস্থল থেকে হাসপাতালে নিয়ে আসলে তিনি মারা যান।'
এসআই আরও বলেন, 'মাহদী হাসানের কাছে থাকা মোবাইলের মাধ্যমে তার স্বজনদের সঙ্গে কথা হয়। তার বাড়ি জয়পুরহাট জেলার পাঁচবিবি উপজেলার দমদমা পশ্চিম গ্রামে। বাবার নাম মোফাজ্জল হোসেন। বর্তমানে তিনি যাত্রাবাড়ীর রায়েরবাগ এলাকায় থাকতেন। তবে পেশা কী ছিল তা জানা যায়নি।'
নিহত মাহদী হাসানের বিস্তারিত জানার চেষ্টা চলছে। মরদেহ ময়নাতদন্তের জন্য ঢামেক মর্গে রাখা হয়েছে বলেও জানান এই পুলিশ কর্মকর্তা।