রাজধানীর বাড্ডায় সড়ক দুর্ঘটনায় যুবক নিহত
রাজধানীর বাড্ডায় সড়ক দুর্ঘটনায় টাইলস মিস্ত্রি হাবিবুল্লাহ (২৫) নিহত হয়েছেন।
আজ মঙ্গলবার ভোর সাড়ে ৬টার দিকে বাড্ডা বৌদ্ধমন্দিরের বিপরীত পাশের সড়কে এ দুর্ঘটনা ঘটে।
বাড্ডা থানার উপপরিদর্শক (এসআই) রফিকুল আলম জানান, আহত অবস্থায় তাকে উদ্ধার করে হবিবুল্লাহকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নেওয়া হলে চিকিৎসক সকাল ৯টার দিকে তাকে মৃত ঘোষণা করেন। মরদেহ হাসপাতালের মর্গে রাখা হয়েছে।
নিহত হাবিবুল্লাহ'র শ্যালক রাব্বি হাসান জানান, গতরাতে তিনি বাসা থেকে বের হন। সকালে তার দুর্ঘটনার খবর পেয়েছি। কিন্তু কীভাবে দুর্ঘটনা ঘটেছে তা জানি না।
তিনি আরও জানান, তাদের বাড়ি রাজবাড়ী জেলার পাংশা উপজেলার খাবাসপুর গ্রামে। তিনি পরিবার নিয়ে মধ্য বাড্ডা ইউসেফ স্কুল সংলগ্ন একটি বাসায় ভাড়া থাকতেন।