রাজবাড়ীতে ট্রাক-মাহেন্দ্র সংঘর্ষে নিহত ৩
রাজবাড়ী সদর উপজেলার কল্যাণপুরে ট্রাক-মাহেন্দ্র মুখোমুখি সংঘর্ষে ৩ জন নিহত হয়েছে। বৃহস্পতিবার বিকেল ৩টার দিকে ঢাকা-কুষ্টিয়া মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন-মাহেন্দ্র চালক রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার নছিমুদ্দিনপাড়ার মো. সুজন (৩৫), ফরিদপুরের মধুখালী উপজেলার কামালদিয়া গ্রামের সাইফুল শেখ (২০) ও রাজবাড়ী সদর উপজেলার হরিহরপুর গ্রামের মোমিন প্রামাণিক (২৪)।
রাজবাড়ী আহলাদিপুর হাইওয়ে থানার ওসি দেলোয়ার হোসেন দ্য ডেইলি স্টারকে এ তথ্য নিশ্চিত করেছেন।
স্থানীয়রা জানান, কল্যাণপুর এলাকায় ফরিদপুর থেকে ছেড়ে আসা রাজবাড়ীগামী একটি ট্রাকের সঙ্গে রাজবাড়ী থেকে ছেড়ে আসা গোয়ালন্দ মোড়গামী ৩ চাকার মাহেন্দ্রের মুখোমুখি সংঘর্ষ হয়।
এতে মাহেন্দ্রর চালক ও ২ যাত্রী আহত হন। তাদের উদ্ধার করে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় তাদের মৃত্যু হয়।
ওসি দেলোয়ার হোসেন জানান, দুর্ঘটনার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে যায়।
ট্রাক ও মাহেন্দ্র জব্দ করা হয়েছে। তবে ট্রাক চালক পলাতক বলে জানান তিনি।